ভারত সম্মেলনে ইরান
আফগান জনগণের দুর্দশার জন্য আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে
-
বক্তব্য রাখছেন আলী শামখানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং দেশটির জনগণের দুর্ভোগ দুর্দশার জন্য আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।
তিনি বলেন, গত দুই দশক ধরে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা আফগানিস্তানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং ক্ষয়ক্ষতি করেছে ন্যূনতম দায়িত্ব হিসেবে তার ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত আফগান বিষয়ক আঞ্চলিক এক সম্মেলনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব। আজ (বুধবার) সকালের দিকে এ সম্মেলন শুরু হয়।
আলী শামখানি বলেন,২০ বছর আগে আমেরিকা তালেবান এবং আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ের নামে আফগানিস্তানে আগ্রাসন চালায়। তখন তারা দাবি করেছিল সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে তারা আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়েছে। সেসময় আমেরিকা বলেছিল, তারা আফগানিস্তানকে রোল মডেল এবং অনুপ্রেরণার উৎসে পরিণত করবে। কিন্তু তারা তা না করে বরং আফগানিস্তানের পরিস্থিতি আগের চেয়ে আরো খারাপ করেছে।
মার্কিন দখলদারিত্বের পর আফগান জনগণের দুঃখ-দুর্দশা এবং দারিদ্র্য বেড়েছে। সেই সাথে দেশটিতে বেড়েছে মাদকের চাষ এবং চোরাচালান। অন্যদিকে, আফগানিস্তানের বিরাট সংখ্যক মানুষ মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে। মার্কিন বিমান হামলা থেকে আফগানিস্তানের বিয়ের অনুষ্ঠান কিংবা দা ফোন অনুষ্ঠান কোনকিছুই বাদ যায় নি।
আলী শামখানি আরো বলেন, আফগানিস্তানে আমেরিকার সবচেয়ে বড় ব্যর্থতা হলো সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ব্যর্থতা। আফগানিস্তানে বহু ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ চালিয়ে শেষমেশ আমেরিকা সেখান থেকে পালাতে বাধ্য বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন আলী শামখানি।#
পার্সটুডে/এসআইবি/১০