অ্যান্টারটিকার ২ কিলোমিটার বরফের তলে রয়েছে আগ্নেয়গিরি : চিন্তিত বিজ্ঞানীরা
https://parstoday.ir/bn/news/uncategorised-i44070-অ্যান্টারটিকার_২_কিলোমিটার_বরফের_তলে_রয়েছে_আগ্নেয়গিরি_চিন্তিত_বিজ্ঞানীরা
বরফঢাকা পশ্চিম অ্যান্টারটিকার বিশাল এলাকা জুড়ে অনেক আগ্নেয়গিরি খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এ সব আগ্নেয়গিরি দুই কিলোমিটার পুরু বরফের তলে রয়েছে। আগ্নেয় উদগীরণ ঘটলে বরফ স্তরে ধস নামবে ভেবে চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ১৩, ২০১৭ ১৭:২৬ Asia/Dhaka
  • অ্যান্টারটিকার ২ কিলোমিটার বরফের তলে রয়েছে আগ্নেয়গিরি : চিন্তিত বিজ্ঞানীরা

বরফঢাকা পশ্চিম অ্যান্টারটিকার বিশাল এলাকা জুড়ে অনেক আগ্নেয়গিরি খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এ সব আগ্নেয়গিরি দুই কিলোমিটার পুরু বরফের তলে রয়েছে। আগ্নেয় উদগীরণ ঘটলে বরফ স্তরে ধস নামবে ভেবে চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ অঞ্চলে প্রায় ১০০ আগ্নেয়গিরির খোঁজ পেয়েছে। এরমধ্যে সবচেয়ে বড়টির উচ্চতা ৪০০০ মিটার। উচ্চতায়ে সুইজারল্যান্ডের ইগার আগ্নেয়গিরির সমান এটি।

পূর্ব আফ্রিকার আগ্নেয় পর্বতমালায় সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে বলে বর্তমানে মনে করা হয়। কিন্তু সংখ্যার দিক থেকে ওই অঞ্চলকেও ছাড়িয়ে যাবে পশ্চিম অ্যান্টারটিকা- এমনটিই মনে করছেন ভূতত্ত্ববিদরা।

নতুন আবিষ্কৃত এ আগ্নেয় পার্বত্য অঞ্চলে ১০০ থেকে ৩৮৫০ মিটার উচ্চ পাহাড় রয়েছে। এ সবই বরফে ঢাকা এবং কোথাও কোথাও এ বরফের চাদর চার কিলোমিটার পর্যন্ত পুরু।

অ্যান্টারটিকার এ অঞ্চলের তৎপরতা উদ্বেগজনক হয়ে দেখা দিতে পারে বলেও আশংকা করছেন তারা। এ অঞ্চলের একটি আগ্নেয়গিরি যদি উদগীরণ শুরু করে তা হলে পশ্চিম অ্যান্টারটিকার বরফের আস্তর অস্থিতিশীল হয়ে পড়বে। হিমবাহ বিশেষজ্ঞ রবার্ট বিংগাম আরো বলেন, গলন দেখা দেয় এমন যে কোনো তৎপরতা শুরু হলে সাগরে বরফ গলে পড়ার হার বাড়বে। আগ্নেয় উদগীরণ বরফ গলার তৎপরতা নিশ্চিত ভাবেই বাড়িয়ে দেবে বলে জানান তিনি। এ রকম উদগীরণ হয়ত কখনোই ভূপৃষ্ঠে পৌঁছাবে না কিন্তু তলা থেকে বরফের আস্তরকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করবে।

এখন প্রশ্ন হলো, এ এলাকার আগ্নেয়গিরিগুলো কতোটা তৎপর? আর গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে বলেও জানান তিনি।

পার্সটুডে/মূসা রেজা/১৩