দামেস্কের কাছে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার আহ্বান
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে তিনদিনের জন্য যুদ্ধবিরতি করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে সন্ত্রাসীদেরকে যুদ্ধবিরতির মধ্যে আনার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ঘুতা ও দারাইয়া এলাকায় মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য সিরিয়ায় রাশিয়ার রিকন্সিলিয়েশন সেন্টারের প্রধান সের্গেই কুরালেংকো এ আহ্বান জানিয়েছেন। এসব এলাকায় গত কয়েকদিন ধরে মারাত্মক সংঘর্ষ চলছে।
তিনি জানান, রাশিয়ার পর্যবেক্ষকরা ও সিরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো তথ্য দিচ্ছে যে, আলেপ্পো শহরে হামলার জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্ট অন্তত ৬,০০০ সন্ত্রাসী জড়ো করেছে। পাশাপাশি ঘুতা এলাকায় সরকারি সেনা অবস্থানে এবং দামেস্কের কাছে আবাসিক ভবনে সন্ত্রাসীদের লাগাতার গোলা বর্ষণ করছে।
সিরিয়ার সেনারা শুক্রবার ঘুতা এলাকায় আন-নুসরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের পর ১৩টি গ্রাম দখল করেছে। এরপর মস্কো যুদ্ধবিরতির আহ্বান জানালো।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪