ইসরাইলি সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্য
ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের ধারণা নিতান্তই নির্বুদ্ধিতা
-
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট
ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের চিন্তা নিতান্তই নির্বুদ্ধিতা।
গতকাল (সোমবার) ইসরাইলের চ্যানেল-টুয়েলভকে দেয়া সাক্ষাৎকারে ওলমার্ট এ মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরাইল ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করতে সক্ষম হবে বলে যে ধারণা করছে তা উড়িয়ে দেন তিনি।
ওলমার্ট বলেন, সামরিক হামলার মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের ধারণা সম্পূর্ণভাবে পাগলামিপূর্ণ। এ ধরনের কথাবার্তা শক্তি নয় বরং নিজেদের দুর্বলতা প্রকাশ করছে।
এর আগে এহুদ ওলমার্ট দৈনিক হারেৎজ পত্রিকায় প্রকাশিত এক মন্তব্য কলামে বলেছেন, ১৯৮১ সালে ইরাকে এবং ২০০৭ সালে সিরিয়ায় হামলা চালিয়ে ইসরাইল যেভাবে তাদের পরমাণু স্থাপনা ধ্বংস করেছে সেভাবে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। প্রচলিত সামরিক সক্ষমতা দিয়ে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা ইসরাইলের পক্ষে সম্ভব নয়।
ইহুদিবাদী ইসরাইল প্রায়ই ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের হুমকি দেয়। সম্প্রতি তাদের এই হুমকি-ধমকি বেড়েছে। জবাবে ইরানের কর্মকর্তারা নিজেদের অধিকার রক্ষার কথা বলেছেন এবং একথা জানিয়েছেন যে, ইসরাইল যদি এই ধরনের হামলা চালানোর দুঃসাহস দেখায় তাহলে তারা ভয়াবহ পরিণতির মুখে পড়বে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান সম্প্রতি বলেছেন, "আমরা শক্তি এবং প্রজ্ঞা দিয়ে আমাদের জনগণের অধিকার, স্বার্থ এবং উন্নয়ন রক্ষা করব।" তিনি আরো বলেন, ভবিষ্যৎ বিশ্বে ইহুদিবাদী ইসরাইলের কোনো স্থান নেই।#
পার্সটুডে/এসআইবি/১১