ইয়েমেনের মারিব প্রদেশ থেকে ভাড়াটে সেনা প্রত্যাহার করলো সংযুক্ত আরব আমিরাত
-
ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে বাহিনী তৎপর রয়েছে
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় তেলসমৃদ্ধ মারিব প্রদেশ থেকে ভাড়াটে সেনা প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যকেন্দ্র দুবাইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর কয়েকদিন পর সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হলো।
আমিরাতের ভাড়াটে সেনাদেরকে কৌশলগত মারিব প্রদেশের অধিকৃত এলাকা থেকে সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার করে পূর্বাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশে সরিয়ে নেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এই পদক্ষেপকে তাদের ভাড়াটে বাহিনীর পুনঃঅবস্থান গ্রহণ বলে আখ্যায়িত করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনের সামরিক বাহিনী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল-জাফরা বিমানঘাঁটিতে হামলার পর আমিরাত সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ইয়েমেনের ওপর বিমান হামলা এবং হত্যাযজ্ঞ মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছিল। এ প্রেক্ষাপটে ইয়েমেনে সামরিক বাহিনীও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। তবে হামলার আগে সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে তাদের বর্বরতা থামানোর আহ্বান জানিয়েছিল। কিন্তু আরব আমিরাত ইয়েমেনি সামরিক বাহিনীর কথায় গুরুত্ব না দেয়ার কারণে ইয়েমেনের সেনারা দ্বিতীয় দফায় বড় রকমের সামরিক অভিযান চালিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।