মার্কিন বিমান হামলায় সিরিয়ায় ১৫ বেসামরিক নাগরিক নিহত
সিরিয়ার আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে মার্কিন বিমান হামলায় অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত তিনটি শিশু রয়েছে।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে হামলা চালাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় হতাহতের ঘটনা নিয়ে মার্কিন প্রশাসন পর্যালোচনা করছে বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানোর পরপরই এ হামলার খবর বের হলো। গতকাল (মঙ্গলবার) সিরিয়ান অবজারভেটরি এবং রয়টার্স খবর দিয়েছিল, রাশিয়ার বিমান হামলায় সিরিয়ার ইদলিব শহরের একটি হাসপাতাল ও একটি মসজিদ ধ্বংস হয়েছে এবং এতে অন্তত ২৩ জন নিহত হয়। কিন্তু রাশিয়া এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, তারা ইদলিবে কোনো বিমান হামলা চালায় নি।
অন্যদিকে, গতকাল বিভিন্ন বার্তা সংস্থা খবর দিয়েছে, ইদলিবে হামলা চালিয়েছে সিরিয়ার বিমান বাহিনী। তবে সে হামলা কোনো হাসপাতাল ও মসজিদে নয় বরং সন্ত্রাসীরা একটি জায়গায় জড়ো হলে গোপন খবরের ভিত্তিতে সেখানে হামলা চালানো হয়। রাশিয়া বলেছে, কথিত ব্রিটিশ মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ও বার্তা সংস্থা রয়টার্সের এ ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর বিষয়ে জনগণের সতর্ক থাকা দরকার।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১