ফালুজা অভিযান মন্থর করল ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i10936-ফালুজা_অভিযান_মন্থর_করল_ইরাকি_বাহিনী
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ফালুজা শহরে সামরিক অভিযান মন্থর করার ঘোষণা দিয়েছেন। শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাতে প্রায় ৫০ হাজার বেসামরিক নাগরিক আটকা পড়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৬ ১৯:২০ Asia/Dhaka
  • ইরাকি বাহিনী
    ইরাকি বাহিনী

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ফালুজা শহরে সামরিক অভিযান মন্থর করার ঘোষণা দিয়েছেন। শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাতে প্রায় ৫০ হাজার বেসামরিক নাগরিক আটকা পড়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আশংকা করা হচ্ছে- সামরিক অভিযান দ্রুততর করা হলে এসব বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করবে দায়েশ। এছাড়া, আটকে পড়া মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে মারাত্মক সংকট দেখা দিতে পারে।

হায়দার আল-এবাদি বলেছেন, “বেসামরিক লোকজনের জীবনের নিরাপত্তাকে আমরা যদি অগ্রাধিকার না দিতাম তাহলে ফালুজার যুদ্ধ দ্রুত শেষ করা সহজ হতো।” ফালুজা যুদ্ধক্ষেত্রের কাছে অপারেশন্স রুম থেকে ইরাকি কমান্ডারদের তিনি এ কথা বলেন।

এবাদি বলেন, “ইরাকি সেনাবাহিনী ফালুজার উপকণ্ঠে রয়েছে এবং বিজয় এখন নাগালের ভেতরে।”

২০১৪ সালে দায়েশ সন্ত্রাসীরা ফালুজা শহরের নিয়ন্ত্রণ নেয় এবং ধারণা করা হয় রাজধানী বাগদাদে যত বোমা হামলা হয় তার মূল কেন্দ্র ফালুজা। যদিও মনে করা হচ্ছে- ফালুজার বেশিরভাগ লোকজন শহর ছেড়ে চলে গেছে তবে এখনো অন্তত ৫০ হাজার মানুষ আটকা পড়ে আছে। আজই (বুধবার) জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল জানিয়েছে, অন্তত ২০ হাজার রয়েছে ফালুজা শহরে।#

 

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১