হামলা চালিয়ে বেসামরিক মানুষ মেরেছে তুরস্ক: ইরাকি পররাষ্ট্রমন্ত্রী
-
ফুয়াদ হোসেন
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেছেন, সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন তুর্কি বাহিনীই দহুক প্রদেশে বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) দহুক প্রদেশের জাখু শহরের হামলাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
ফুয়াদ হোসেন আরও বলেছেন, বোমা হামলার সময় ঘটনাস্থলে পাঁচশ থেকে ছয়শ' পর্যটক ছিলেন। এসব পর্যটক রাজধানী বাগদাদ ও দেশের দক্ষিণাঞ্চল থেকে সেখানে বেড়াতে গেছেন। সেখানে তুর্কি বাহিনীর হামলায় ৯ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন বলে জানান ইরাকি পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, এই হামলা যে তুরস্কের পক্ষ থেকেই চালানো হয়েছে তা প্রমাণ করেছেন সামরিক বিশেষজ্ঞরা।
ইরাকি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন- কয়েকজন সামরিক কমান্ডার, কুর্দিস্তান অঞ্চলের কয়েকজন কর্মকর্তা এবং জাতীয় সংসদের কয়েকজন সদস্যকে নিয়ে হামলাস্থলে গিয়েছিলাম। এটা একটা ট্রাজেডি।
গতকাল ইরাকের দহুক প্রদেশের জাখু শহরে হামলার এই ঘটনা ঘটে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান টেলিফোনে এ বিষয়ে ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং শোক ও সমবেদনা জানিয়েছেন।#
পার্সটুডে/এসএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।