শান্তিতে বিশ্বাস করে না ইসরাইল: মাহমুদ আব্বাস
-
মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইল শান্তিতে বিশ্বাস করে না। গতকাল (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের লাগাতার হত্যা নির্যাতনের কথা তুলে ধরেন।
মাহমুদ আব্বাস সুস্পষ্ট করে বলেন, “ইসরাইল আমাদের ভূমি দখলের জন্য উন্মত্ত অভিযান চালাচ্ছে, তারা ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন করছে, আমাদের সম্পদকে তারা লুটপাট করার চেষ্টা করছে যেন এটি জনমানবহীন ভূখণ্ড।”
মাহমুদ আব্বাস বলেন, “তিনি এক কোটি ৪০ লাখ ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে কথা বলছেন যাদের বাবা এবং পূর্বপুরুষেরা ৭৪ বছর আগে নাকাবা দিবসের করুণ পরিণতি বরণ করেছেন।”
১৯৪৮ সালের নাকাব দিবসে ইহুদিবাদী ইসরাইল ৭ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উৎখাত করে দেয় যে আগ্রাসনের প্রতি পশ্চিমা দেশগুলোর বিরাট সমর্থন ছিল।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ এখনো সেই নাকাবা দিবসের করুণ পরিণতি বয়ে চলেছে যা পুরো মানবতার জন্য লজ্জা ও অপমানের।
সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় মাহমুদ আব্বাস ফিলিস্তিনের সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকাণ্ডের বিচারের দাবির প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাশা করেন। আমেরিকা হচ্ছে ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। গত মে মাসে প্রকাশ্য দিনের আলোয় আবু আকলেকে গুলি করে হত্যা করে ইসরাইল সেনারা।
মাহমুদ আব্বাস বলেন, “আবু আকলে ফিলিস্তিনি নাগরিক ছিলেন তবে তিনি আমেরিকারও নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। আমি আশা করব আমেরিকার একজন নাগরিককে হত্যা করার পেছনে যারা দায়ী তাদের বিচার করবে আমেরিকা। কিন্তু আমেরিকা তা করবে না তার কারণ হচ্ছে হত্যা করেছে ইসরাইলিরা।” #
পার্সটুডে/এসআইবি/২৪