ফালুজার কেন্দ্রস্থল থেকে ৩ কিলোমিটার দূরে ইরাকি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i11680-ফালুজার_কেন্দ্রস্থল_থেকে_৩_কিলোমিটার_দূরে_ইরাকি_সেনারা
ইরাকের পশ্চিমাঞ্চলীয় কৌশলগত ফালুজা শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রয়েছে দেশটির সেনারা। শহরের দক্ষিণ থেকে কেন্দ্রস্থল দখলের জন্য তারা এগিয়ে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৬ ১৬:০১ Asia/Dhaka
  • ফালুজার কেন্দ্রস্থল থেকে ৩ কিলোমিটার দূরে ইরাকি সেনারা

ইরাকের পশ্চিমাঞ্চলীয় কৌশলগত ফালুজা শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রয়েছে দেশটির সেনারা। শহরের দক্ষিণ থেকে কেন্দ্রস্থল দখলের জন্য তারা এগিয়ে যাচ্ছে।

সন্ত্রাস-বিরোধী অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদেল ওয়াহাব আস-সাদি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিরাপত্তা বাহিনী আজ (শুক্রবার) শক্তভাবে শহরের দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখন তারা পুরো শহর সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করার জন্য এগিয়ে যাচ্ছে।

ইরাকের এ কমান্ডার বলেন, “উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ চেয়েছিল লড়াইকে শহরের বাইরে রাখতে কিন্তু আমরা শহরের ভেতরে ঢুকে পড়েছি এবং দক্ষিণাঞ্চল আট দিনে মুক্ত করেছি।” তিনি জানান, শহরের প্রধান সরকারি ভবন থেকে তার সেনারা এখন মাত্র তিন কিলোমিটার দূরে রয়েছে। কয়েকদিনের মধ্যে ইরাকি বাহিনী ফালুজা শহর মুক্ত করতে সক্ষম হবে বলেও তিনি আশা করেন।

জেনারেল আবদেল ওয়াহাব আস-সাদি জোর দিয়ে বলেন এ সময় কয়েক দিনের মধ্যে থাকবে; সপ্তাহে গড়াবে না। তিনি জানান, অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৫০০ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। ইরাকের এ কমান্ডার বলেন, ফালুজা শহর দায়েশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারা যখন ফাঁদে পড়েছে তখন অন্য জায়গার মতো এখান থেকেও পালাতে শুরু করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০