রাকার কাছে গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক দখলে নিল সরকারি বাহিনী
সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরের কাছে গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক দখল করে নিয়েছে সরকারি সেনারা। এ সড়কটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের দখলে থাকা রাকা শহরে গেছে।
রাকা অভিযান শুরুর পর গতকালের (শুক্রবার) এ অর্জনকে সবচেয়ে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। রাশিয়ার বিমান সহায়তায় এক সপ্তাহ ধরে ব্যাপক সংঘর্ষের পর সংযোগ সড়কটি দখল করা সম্ভব হলো। সড়কটি তাবকা শহরের দিকেও গেছে। ২০১৪ সালে সন্ত্রাসীরা রাকা দখল করে নেয়ার পর গত শনিবার সিরিয়ার সেনারা প্রথমবারের মতো এ প্রদেশে ঢুকতে সমর্থ হয়।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার সেনারা তাবকা শহর থেকে এখন আর ১৫ কিলোমিটার দূরে রয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, শুক্রবারের এ লড়াইয়ে বহু সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীর সংখ্যা ৮০ বলে উল্লেখ করেছে সিরিয়ান অবজারভেটরি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১