হস্তক্ষেপের অভিযোগ; সৌদি রাষ্ট্রদূতকে তলব করল ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i12490-হস্তক্ষেপের_অভিযোগ_সৌদি_রাষ্ট্রদূতকে_তলব_করল_ইরাক
ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের ভূমিকা এবং সামরিক পরামর্শের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাগদাদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০১৬ ১৯:০৩ Asia/Dhaka
  • ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি
    ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি

ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের ভূমিকা এবং সামরিক পরামর্শের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাগদাদ।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি বলেছেন, সৌদি রাষ্ট্রদূত সামের আস-সাবহানের বক্তব্য ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের শামিল। এছাড়া, তিনি যে বিষয়ে বক্তব্য দিয়েছেন তা কূটনৈতিক দায়িত্বের পর্যায়ে পড়ে না।

টুইটারে দেয়া এক বার্তায় সৌদি রাষ্ট্রদূত সাবহান বলেছেন, ইরানি সামরিক উপদেষ্টারা ফালুজা শহরে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিয়ে ওই শহরের জনসংখ্যার আনুপাতিক হার পাল্টে দিয়েছেন। ইরাকি সেনারা দায়েশ সন্ত্রাসীদের কাছ থেকে ফালুজা শহর পুনর্দখল ও মসুল অভিযানের প্রস্তুতির প্রাক্কালে সৌদি রাষ্ট্রদূত এ মন্তব্য করেছেন।

সৌদি রাষ্ট্রদূতের এ বিভেদ সৃষ্টিকারী মন্তব্যের পর ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সাবহানকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, কাউকে এ ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মন্তব্য করার সুযোগ দেবে না বাগদাদ। বাগদাদ এও বলেছে, ইরানের সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্বের জের ইরাকের ভেতরে টেনে আনতে দেয়া হবে না। ইরাকি সরকারি কর্মকর্তারা পরিষ্কার করে বলেছেন, ইরাক সরকারের অনুরোধেই ইরানের সেনারা সামরিক পরামর্শ দিতে বাগদাদ এসেছেন।

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাভিও সৌদি রাষ্ট্রদূতের এ মন্তব্যের নিন্দা জানিয়েছেন। আলাভি সচরাচর ইরাক সরকারের সমালোচনা করে থাকেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯