ইহুদিবাদী সমাজে গভীর বিভাজন! পতনের দ্বারপ্রান্তে ইসরাইল!
https://parstoday.ir/bn/news/west_asia-i125536-ইহুদিবাদী_সমাজে_গভীর_বিভাজন!_পতনের_দ্বারপ্রান্তে_ইসরাইল!
ইহুদিবাদী ইসরাইলে বিচার বিভাগকে দুর্বল করা সংক্রান্ত নেতানিয়াহুর মন্ত্রীসভার পরিকল্পনার বিরুদ্ধে গণ-বিক্ষোভ ও প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ১৪, ২০২৩ ১৬:০৬ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলে বিচার বিভাগকে দুর্বল করা সংক্রান্ত নেতানিয়াহুর মন্ত্রীসভার পরিকল্পনার বিরুদ্ধে গণ-বিক্ষোভ ও প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে।

এই  আন্দোলনের নেতারা আগামী সোমবার ব্যাপক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন।  তাদের এক বিবৃতিতে নেতানিয়াহুর ওই পরিকল্পনাকে দেশের সশস্ত্র বাহিনী ও অর্থনীতির জন্য ধ্বংসাত্মক এবং সমাজের জনগণের মধ্যে গভীর ফাটল ধরানোর পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জনগণকে আগামী সোমবার রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়েছে। ইসরাইলের পেশাজীবি নানা সংগঠন ও শ্রমিক সংগঠনগুলোকেও সাধারণ ধর্মঘটে যোগ দিয়ে প্রতিবাদ আন্দোলনে একাত্ম হওয়ার আহ্বান জানান ওই নেতৃবৃন্দ। নেতানিয়াহু ও তার মন্ত্রীসভা ইসরাইলকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলে ওই বিবৃতিতে মন্তব্য করা হয়।   

এদিকে ইসরাইলের চিকিৎসকদের ইউনিয়ন নেতানিয়াহুর বিচারবিভাগীয় সংস্কার পরিকল্পনার প্রতিবাদে সাধারণ ধর্মঘট শুরু করার হুমকি দিয়েছে।  

নেতানিয়াহুর বিরোধী ইসরাইলিরা গত মঙ্গলবার থেকে প্রতিবাদ জোরদারের কর্মসূচি নেয়। তারা বিক্ষোভ মিছিলের পাশাপাশি ইসরাইলের ১০০টিরও বেশি স্থানে জড় হয়ে প্রধান রাজপথগুলো বন্ধ করে দেয় এবং বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সহিংসতা ও দাঙ্গা বাঁধায়। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে এবং পুলিশ ৭৭ জনকে গ্রেফতার করে । ইসরাইলের পুলিশ প্রধানও প্রতিবাদীদের দমনের বিষয়ে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে পদত্যাগ করেছেন।

এ ছাড়াও ইসরাইলি বিমান বাহিনীর শত শত রিজার্ভ সেনা নেতানিয়াহুর সংস্কার পরিকল্পনার প্রতিবাদে সশস্ত্র বাহিনীকে সেবা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।  ইসরাইলি সশস্ত্র বাহিনীতেও ভাঙ্গন ছড়িয়ে পড়ার ঘটনায় ইহুদিবাদী শাসক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

ওদিকে নেতানিয়াহুর সমর্থক উগ্র ইহুদিবাদীরাও ওই সংস্কার পরিকল্পনার সমর্থনে সমাবেশের আয়োজন করে।  মোটকথা ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম ও আন্দোলনের চাপ ছাড়াই ঘরোয়া বিরোধের কারণেই যে ব্যাপক সংকটে রয়েছে এবং তাতেই ইসরাইলের অস্তিত্ব যে বিপন্ন হতে পারে সেই আশঙ্কা বাস্তবতার ময়দানেই ক্রমেই জোরদার হচ্ছে।  #

পার্সটুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।