মার্কিন হস্তক্ষেপের নিন্দা
প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যা করতে চায় আমেরিকা
বাগদাদে বিক্ষোভ ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ এবং দেশটির সন্ত্রাসবাদ-বিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি দেয়ার নিন্দা ও প্রতিবাদে রাজধানী বাগদাদের জনগণ রাজপথে বিক্ষোভ করেছেন।
গতকাল (শুক্রবার) তারা বাগদাদের মার্কিন দূতাবাসের সামনে এই বিক্ষোভ মিছিল করেন। মার্কিন গণমাধ্যমের সাম্প্রতিক কয়েকটি রিপোর্ট থেকে জানা যায়- ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেয়া কয়েকটি সংগঠনের নেতাদের হত্যা করার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। এর মধ্যে বিশেষভাবে হারাকাত হিজবুল্লাহ আল-নুজাবার নেতারা রয়েছেন।
ওয়াশিংটন দাবি করছে এই সংগঠনটি গত মার্চ মাসে সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছিল। গতকাল বিক্ষোভ মিছিলে অংশ নেয়া লোকজন ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আলিনা রোমানোস্কির হস্তক্ষেপমূলক আচরণের নিন্দা জানান। একইসঙ্গে তারা আমেরিকার ব্যাপারে ইরাকের সরকার এবং জাতীয় সংসদের অবস্থানও স্পষ্ট করার দাবি জানান। বিক্ষোভে অংশ নেয়া লোকজন পরিষ্কার করে বলেছে, "আজকের এই বিক্ষোভ শুধুমাত্র শুরু, সামনে আরো অনেক বিক্ষোভ কর্মসূচি দেয়া হবে।" গতকালের বিক্ষোভ মিছিলের আগে রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস অবস্থিত।#
পার্সটুডে/এসআইবি/১৫