মসুল অভিযানে মারা গেছে ১,৩০০ দায়েশ সন্ত্রাসী
-
ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবায়দি
ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবায়দি জানিয়েছেন, মসুল শহরের দক্ষিণাংশ মুক্ত করার অভিযানে এ পর্যন্ত ১,৩০০ উগ্র দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। মসুল হচ্ছে ইরাকে দায়েশ সন্ত্রাসীদের সবচেয়ে শক্ত ঘাঁটি। ফালুজা দখলের একদিন পর গত ১৮ জুন ইরাকের সামরিক বাহিনী মসুল শহরের দক্ষিণাংশ ও কাইয়ারা শহর পুনর্দখলের জন্য অভিযান শুরু করে।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ও অন্য সরকারি কর্মকর্তাদের ধারণা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে মসুল শহরকে পুরোপুরি দায়েশমুক্ত করা যাবে। গতকাল (শনিবার) এক সংবাদ সম্মেলনে ওবায়দি এসব কথা বলেছেন।
২০১৪ সালের জুন মাসে মসুল শহর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাতে পড়ে। তবে, সম্প্রতি ফালুজা শহর মুক্ত করার পর প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি শিগগিরি মসুল শহর মুক্ত করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ফালুজা মুক্তির পরবর্তী মিশন হচ্ছে মসুল মুক্ত করা।
অবশ্য, ফালুজা শহরের সামান্য কিছু অংশ এখনো মুক্ত করতে বাকি রয়েছে। তবে শহরটি মুক্ত করার অভিযানে ২,৫০০ সন্ত্রাসী নিহত হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬