প্রেসিডেন্ট রায়িসির হুঁশিয়ারি
ইসরাইলের গুপ্তহত্যার জবাব দেবে ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপদেষ্টাদের ওপর ইহুদিবাদী ইসরাইল যে গুপ্তহত্যা চালিয়েছে তা বিনা জবাবে পার পাবে না।
ইসরাইলি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অব্যাহতভাবে যে সন্ত্রাসী ও অবরোধমূলক তৎপরতা চালানো হচ্ছে তাকে তিনি প্রতিরোধকামী ফ্রন্টের বিরুদ্ধে ইসরাইলের ব্যর্থতা ও হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। রায়িসি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে দখলদার ইসরাইল তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়ে এই গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে।
গতকাল (শনিবার) সিরিয়ার রাজধানী দামেস্কের একটি তিনতলা ভবনে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে আইআরজিসির পাঁচ সদস্য শহীদ হন যারা সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।
আইআরজিসি জানিয়েছে, ইরানের যেসব সেনা কর্মকর্তা শহীদ হয়েছে তারা হলেন- হুজ্জাতুল্লা ওমিদভার, আলী অগাজাদে, হোসেন মোহাম্মদি, সায়িদ কারিমি এবং মোহাম্মদ আমিন সামাদি।
এই হত্যাকাণ্ড সম্পর্কে প্রেসিডেন্ট রায়িসি বলেন, আমেরিকার-সহ যে সমস্ত দেশ মানবাধিকারের কথা বলে তাদের সমর্থন এবং ছত্রছায়ায় ইহুদিবাদী ইসরাইল এই গুপ্ত হত্যার মতো জঘন্য অপরাধ চালিয়ে যাচ্ছে। সিরিয়ায় যেসব সেনা শহীদ হয়েছেন তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান প্রেসিডেন্ট রায়িসি।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।