গাজার প্রতি সংহতি
লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা
ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরে আমেরিকার দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারিয়ি উল্লেখ করেছেন।
গতকাল (মঙ্গলবার) তিনি এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী আমেরিকার দুটি যুদ্ধজাহাজের বিরুদ্ধে বড় রকমের সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট অংশ নেয়।
জেনারেল সারিয়ি বলেন, অভিযান বাস্তবায়ন করতে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র এবং বিমান বাহিনীর ড্রোন ব্যবহার করা হয়। তিনি বলেন, দখলদার ইসরাইল গাজার নিপীড়িত এবং দুর্দশাগ্রস্ত মানুষের বিরুদ্ধে যে গণহত্যা ও বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইয়েমেনের ওপর ইঙ্গো-মার্কিন বাহিনীর হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে।
জেনারেল সারিয়ি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ ইয়েমেনের সেনারা শত্রুর অবস্থানে হামলা চালাতে মোটেই দ্বিধা করবে না।#
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।