অবিশ্বাস্য গতিতে সারাবিশ্বে আমাদের মিত্রদের হারাচ্ছি: জেনারেল ব্রিক
গাজা যুদ্ধে আমরা পরাজিত হয়েছি: জেনারেলের সোজাসাপ্টা স্বীকারোক্তি
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে দখলদার ইসরাইল পরাজিত হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক ইহুদিবাদী সেনা কমান্ডার মেজর জেনারেল ইতজাক ব্রিক। তিনি হিব্রু ভাষার দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে তেল আবিবকে উদ্দেশ করে বলেছেন, যুদ্ধের প্রকৃত অবস্থা খুব বেশিদিন জনগণের কাছে চেপে রাখা যাবে না।
জেনারেল ব্রিক বলেন, গাজা উপত্যকা ও লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে যা কিছু হচ্ছে তার বিপর্যয় আজ হোক অথবা কাল প্রকাশ পাবেই। ইসরাইলের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হওয়ার পর এত বড় পরাজয় আর কখনও ঘটেনি বলে তিনি মন্তব্য করেন।
সাবেক এই ইসরাইলি জেনারেল বলেন, “আমরা এরইমধ্যে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছি এবং অবিশ্বাস্য গতিতে সারাবিশ্বে আমাদের মিত্রদের হারাচ্ছি।” তিনি বলেন, হামাসকে পরাজিত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা সম্পূর্ণ উবে গেছে এবং পণবন্দিদের জীবিত উদ্ধার করার কোনো আশা বা লক্ষণ দেখা যাচ্ছে না।
সাবেক এই ইসরাইলি জেনারেল বলেন, “যদি সেনাবাহিনী কিছু পণবন্দিকে জীবিত উদ্ধার করে আনতে না পারে তাহলে তা হবে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে মারাত্মক বিপর্যয়; এমনকি তা হবে গত ৭ অক্টোবর হামাসের কাছ থেকে পাওয়া আঘাতের চেয়েও বড় ব্যর্থতা।”
ইসরাইলি সেনাবাহিনী একটি আঞ্চলিক যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নয় বলে মন্তব্য করেন জেনারেল ব্রিক। তিনি বলেন, গাজায় যা হচ্ছে তার চেয়ে আঞ্চলিক যুদ্ধ হবে হাজার গুণ বেশি কঠিন।
ইহুদিবাদী ইসরাইল ‘হামাসকে পরাজিত করে গাজায় আটক পণবন্দিদের জীবিত উদ্ধার’ করার হুঙ্কার দিয়ে গত ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করে। কিন্তু পাঁচ মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও ওই দুই লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি তেল আবিব। উল্টো এখন আপোষে পণবন্দিদের উদ্ধার করার লক্ষ্যে সেই হামাসের সঙ্গে বৈঠকে বসতে বাধ্য হচ্ছে ইসরাইল।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/১৮