বাগদাদ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯২
-
রোববার হামলার ছবি
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার বাগদাদে সংঘটিত বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯২ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয়টি আরো বলেছে, ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এটিই সবচেয়ে বড় রক্তক্ষয়ী হামলা।
ইরাকের স্বাস্থ্যমন্ত্রী আদিলা মাহমুদ ‘আল-আরাবিয়া টেলিভিশন নেটওয়ার্ক’কে আজ (বৃহস্পতিবার) বলেছেন, হামলায় শনাক্ত করার অনুপযোগী লাশ চিহ্নিত করার জন্য ১৫০টি পরিবার থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। বাগদাদের শিয়া মুসলিম অধ্যুষিত কারাদাহ এলাকার ধ্বংসস্তুপের নিচ থেকে নতুন নতুন লাশ উদ্ধার ও মারাত্মক আহতদের মৃত্যুর কারণে নিহতের সংখ্যা অনেক বেড়েছে।
প্রথম দিন নিহতের সংখ্যা ২৫০ বলে খবর প্রচার হয়েছিল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কারাদা এলাকার একটি মার্কেটে কেনাকাটার ভিড়ের মধ্যে এ হামলা চালানো হয়। টুইটার বার্তায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ হামলার দায় স্বীকার করেছে। ঘটনার পর ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আল-গাব্বান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭