দায়েশ ছিন্ন-ভিন্ন হয়ে পড়েছে : ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i14461-দায়েশ_ছিন্ন_ভিন্ন_হয়ে_পড়েছে_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বলেছেন, মসুলকে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল-এর হাত থেকে মুক্ত করার কাজ এগিয়ে চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৩, ২০১৬ ১৬:২৭ Asia/Dhaka

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বলেছেন, মসুলকে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল-এর হাত থেকে মুক্ত করার কাজ এগিয়ে চলছে।

দায়েশ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বলেও তিনি জানান।

তিনি মন্ত্রীসভার এক বৈঠকে বলেছেন, ইরাকি সেনারা মসুলকে দায়েশমুক্ত করার অভিযানে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। ইরাকি প্রধানমন্ত্রী বলেছেন, 'দায়েশ ছিন্ন-ভিন্ন হয়ে পড়েছে। আলকিয়ারা শহরে দায়েশের শত শত সন্ত্রাসী নিহত হয়েছে। ফালুজার কাছেও নিহত হয়েছে এই গোষ্ঠীর শত শত সন্ত্রাসী। আর আল-আনবারের মরুভূমিতেও নিহত হয়েছে দায়েশের হাজার হাজার সদস্য। আর এসবই ছিল বাগদাদের আলকারাদা ও বালাদ অঞ্চলে দায়েশের সন্ত্রাসী হামলার জবাব।'

ফালুজাকে মুক্ত করার পর সম্প্রতি ওই দুই এলাকায় সন্ত্রাসী বোমা হামলা চালায় দায়েশ। এইসব হামলায় প্রায় ৩০০ বেসামরিক ইরাকি প্রাণ হারান।

হায়দার আলএবাদি আরও বলেছেন, আলকারাদায় বোমা হামলা চালিয়ে ও নানা গুজব প্রচার করে দায়েশ পেছন থেকে আঘাত হানতে চেয়েছিল যাতে মসুলকে দায়েশমুক্ত করার অভিযান স্থগিত রাখতে বাধ্য হয় ইরাক সরকার।

তিনি ফালুজা ও মসুলে অর্জিত ইরাকি বাহিনীর সাফল্য ধরে রাখার লক্ষে ঐক্যবদ্ধ হতে ইরাকের সব রাজনৈতিক দল ও গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন।

পশ্চিমা মদদপুষ্ট তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসএল ২০১৪ সালে মসুল দখল করে নেয়। ইরাকের বৃহ্ত্তম এই প্রদেশের বেশিরভাগ এলাকা এখনও দায়েশের দখলে রয়েছে। ইরাকি সংসদের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর অনৈক্য ও অনভিজ্ঞতার প্রেক্ষাপটে এবং সেনা কর্মকর্তাদের কারো কারো অবহেলার কারণে দায়েশ প্রায় বিনা বাধায় মসুল দখল করেছিল।

যাই হোক, ইরাকের প্রভাবশালী রাজনৈতিক নেতা মুক্তাদা সাদরের ডাকে আগামী শুক্রবার গণ-বিক্ষোভ কর্মসূচি পালনের যে উদ্যোগ নেয়া হয়েছে সে বিষয়ে গতকাল মঙ্গলবার প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী। তিনি ইরাককে নৈরাজ্য থেকে রক্ষা করতে ও নিরাপত্তা খাতের অগ্রগতির দিক থেকে দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দেয়ার প্রচেষ্টা ঠেকাতে ওই গণ-বিক্ষোভ কর্মসুচি স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি তার ভাষায় সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের 'ঐতিহাসিক দায়িত্ব পালনে নিয়োজিত' ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তা দিতে ও 'অপ্রধান বিষয়ে না জড়াতে' ইরাকি জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের সংগ্রাম ও সংস্কার কর্মসূচি অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বলেছেন, বিশৃঙ্খলার মাধ্যমে ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে সংস্কার কর্মসূচিকে এগিয়ে নেয়া যাবে না।

‘প্রকৃত সংস্কারের’ দাবিতে মুক্তাদা সাদর আগামী শুক্রবার বাগদাদের আততাহরির ময়দানে বিক্ষোভ পালন করতে ইরাকিদের প্রতি আহ্বান জানিয়েছেন। সাদরের ডাকে এর আগেও বাগদাদে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

এদিকে ইরাকি সংসদের বদর জোটের প্রধান কাসেম আল আয়েরজিও দেশের চলমান সংকট নিরসন করতে সবগুলো দলের সংসদ সদস্যদের নিয়ে সংসদের জরুরি বৈঠক অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন।

ওদিকে ইরাকি সংসদে সুন্নি দলগুলোর সবচেয়ে বড় জোট ‘ ইরাকি ফোর্সেস’ দেশটির প্রতিরক্ষা, পরিবহন ও অর্থমন্ত্রীর বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে।

ইরাকে টেকনোক্রেট মন্ত্রীদের নিয়ে কোনো কোনো মহলের একটি সরকার গঠনের চেষ্টার কারণে দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। অন্যদিকে সরকার দায়েশ বিরোধী অভিযান জোরদারের সময় অন্য কোনো বিষয় নিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি না করার ও জাতীয় ঐক্য বজায় রাখার ওপর জোর দিচ্ছে।

এটা স্পষ্ট, ইরাক সরকার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করার ওপর জোর দিচ্ছে। সংকট সৃষ্টি করার মত পদক্ষেপ নেয়া হতে বিরত থাকতেও ইরাকি জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে ইরাক সরকার। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/১৩