বিদেশি সামরিক সহায়তার কোনো প্রয়োজন আমাদের নেই: ইরাক
ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে যুদ্ধে বিদেশি সামরিক সহায়তার কোনো প্রয়োজন নেই। একথা জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির মুখপাত্র সা’দ আল-হাদিসা।
তিনি বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান যুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজন থাকলেও দায়েশ সন্ত্রাসীদের মোকাবেলার জন্য বিদেশি সামরিক উপস্থিতির প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রীর মুখপাত্র আরো বলেন, ইরাকি সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনী বাগদাদের উপকণ্ঠে আল কারাদা এলাকাসহ দেশের অন্যান্য স্থানে তৎপর সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়েছে। কাজেই দায়েশের নিয়ন্ত্রণে থাকা অবশিষ্ট একমাত্র শহর মসুল উদ্ধার করতেও বিদেশি সামরিক সহযোগিতার প্রয়োজন হবে না।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার গত ১১ জুলাই বলেছিলেন, সন্ত্রাসীদের কবল থেকে মসুল শহর উদ্ধারের জন্য আমেরিকা আরো ৫৬০ সেনাকে ইরাকে পাঠাবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এ ঘোষণায় ইরাকের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া হয়।
ইরাকের প্রভাবশালী শিয়া নেয়া মুক্তাদা সাদর অভিযোগ করেছেন, আমেরিকাই দায়েশ সন্ত্রাসীদেরকে ইরাকে পাঠিয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিদেশি সেনারা ইরাকে হস্তক্ষেপ করলে তাদেরকে আগ্রাসী শক্তি হিসেবে বিবেচনা করা হবে।
সম্প্রতি ইরাকের সেনা ও গণবাহিনী সন্ত্রাসীদের দখল থেকে ফালুজা ও রামাদিসহ আরো অনেক গুরুত্বপূর্ণ শহর পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/মুজাহিদুল ইসলাম/২৫