৩ শিয়া আলেমকে গ্রেফতার করেছে বাহরাইন সরকার
-
সাইয়েদ ইয়াসিন আল-মুসাভি
বাহরাইনের আলে খলিফা সরকার দেশটির অন্তত তিন শিয়া আলেমকে গ্রেফতার করেছে। দেশের সংখ্যাগুরু শিয়া জনগোষ্ঠীর বিরুদ্ধে কঠোর দমন অভিযানের অংশ হিসেবে এসব আলেমকে গ্রেফতার করা হয়েছে।
বাহরাইনি সেনারা রোববার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় দিরাজ গ্রামের এক অবস্থান ধর্মঘট থেকে দুই আলেম সাইয়েদ ইয়াসিন আল-মুসাভি ও শেখ জাসিম আল-খাইয়্যাতকে আটক করে।
রাজধানী মানামা থেকে ১২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিরাজ গ্রামে বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম শেখ ঈসা কাসেমের বাসভবনের সামনে ওই অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। মানামা সরকার সম্প্রতি শেখ কাসেমের নাগরিকত্ব বাতিলের যে পদক্ষেপ নিয়েছে তার প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালন করেন শিয়া মুসলমানরা।
আটক দুই শিয়া আলেমকে বাহরাইনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বুদাইয়ায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের সঙ্গে কোনো আইনজীবীকে সাক্ষাৎ করতে দেয়া হয়নি।
এ ছাড়া, বাহরাইনি বাহিনী আলে খলিফা সরকারের বিরুদ্ধে কথিত ঘৃণা ছড়ানোর অভিযোগে শেখ আজিজ আল-খাদরান নামক আরেক শিয়া আলেমকে আটক করেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫