সিরিয়ার জনগণের দুর্দশার জন্য রিয়াদ, আঙ্কারা এবং দোহা দায়ী: আল- জাফারি
-
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি
সিরিয়ার জনগণের দুর্দশার জন্য সৌদি আরব, তুরস্ক এবং কাতার দায়ী বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি।
সিরিয়ার মানবিক পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেয়া ভাষণে জাফারি তার দেশে সন্ত্রাসী গোষ্ঠী গুলোর প্রতি সমর্থন দেয়া বন্ধ করতে রিয়াদ, আঙ্কারা এবং দোহার প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক ব্লাকমেইলের মাধ্যমে সিরিয়ার জনগণের দু:খ –দুর্দশা এবং কষ্টের অবসান ঘটবে না। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে সিরিয়ায় যুদ্ধ অবসান ঘটানোর একমাত্র পথ।’
জাফারি বলেন, কিছু দেশ ইচ্ছাকৃতভাবেই সিরিয়ার মানবিক পরিস্থিতির আসল কারণটি অবজ্ঞা করছে। সিরিয়ায় হাজার হাজার সন্ত্রাসীর অনুপ্রবেশে তুরস্ক যেভাবে নিরব দর্শকের ভূমিকা পালন করছে তারও নিন্দা জানান তিনি।
তিনি অভিযোগ করে আরো বলেন, ‘তুরস্কের সীমান্ত বন্ধ করার জন্য তুর্কি সরকারের উপর চাপ সৃষ্টি করতে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম। কিন্তু কেউ এতে সাড়া দেয় নি।’
সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি যেসব দেশ সমর্থন দিয়ে আসছে তাদের মধ্যে তুরস্ক অন্যতম বলে অভিযোগ রয়েছে। আঙ্কারা সরকার সন্ত্রাসীদেরকে অস্ত্র ও প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি নিজ দেশের ভেতর দিয়ে তাদেরকে নিরাপদে যাতায়াত করার অনুমতি দিচ্ছে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৬