ইসরায়েলের 'ঐতিহাসিক বিজয়' ধারণা এখন কৌশলগত ব্যর্থতায় পরিণত: মা'আরিভ
https://parstoday.ir/bn/news/west_asia-i159726-ইসরায়েলের_'ঐতিহাসিক_বিজয়'_ধারণা_এখন_কৌশলগত_ব্যর্থতায়_পরিণত_মা'আরিভ
ইসরায়েলি দৈনিক মা'আরিভ এক প্রতিবেদনে স্বীকার করেছে যে, মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের মাধ্যমে ইসরায়েল যেসব লক্ষ্য অর্জনের আশা করেছিল, তা এখন বড় ধরনের কৌশলগত ব্যর্থতায় পরিণত হয়েছে।
(last modified 2026-05-27T12:11:12+00:00 )
মে ২৭, ২০২৬ ১৮:০১ Asia/Dhaka
  • লেবানন যুদ্ধে ইসরায়েল আটকে পড়েছে গভীর সংকটে
    লেবানন যুদ্ধে ইসরায়েল আটকে পড়েছে গভীর সংকটে

ইসরায়েলি দৈনিক মা'আরিভ এক প্রতিবেদনে স্বীকার করেছে যে, মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের মাধ্যমে ইসরায়েল যেসব লক্ষ্য অর্জনের আশা করেছিল, তা এখন বড় ধরনের কৌশলগত ব্যর্থতায় পরিণত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে যেটিকে 'ঐতিহাসিক ও বড় বিজয়' হিসেবে দেখা হয়েছিল, বাস্তবে তা এখন এক দীর্ঘস্থায়ী স্থবিরতা এবং ব্যর্থতার অবস্থায় পৌঁছেছে।

দক্ষিণ লেবাননের যুদ্ধ পরিস্থিতি নিয়ে পত্রিকাটি উল্লেখ করে, হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে পরিস্থিতি ক্রমেই ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অধিকৃত ফিলিস্তিনের (ইসরায়েল) উত্তর সীমান্ত এলাকায় বসবাসকারীরা একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি এবং অর্থনৈতিক চাপের মুখে পড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ লেবাননে স্থল অভিযান সম্প্রসারণের ইসরায়েলি সামরিক সিদ্ধান্ত কার্যকর ফল দিচ্ছে না। বরং এতে সেনারা আরও বেশি হামলার ঝুঁকিতে পড়ছে এবং পরিস্থিতির কোনো কৌশলগত পরিবর্তন ঘটছে না।

এর আগে ইসরায়েলি কৌশলগত উপদেষ্টা 'বারাক সারি' মন্তব্য করেছিলেন, ইসরাইলি সরকার লেবাননের জলাভূমিতে গভীরভাবে নিমজ্জিত হয়ে গেছে।

হিজবুল্লাহর সক্ষমতা সম্পর্কে ইহুদিবাদী নিরাপত্তা ও সামরিক মহলের ভুল মূল্যায়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "উৎসব ও আনন্দ করা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে হিজবুল্লাহ কৌশলগতভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে; কিন্তু আমরা (দক্ষিণ লেবাননের) জলাভূমিতে আটকে গেছি এবং আমাদের সেনারা হিজবুল্লাহর বোমাবাহী ড্রোন দ্বারা লক্ষ্যবস্তু হচ্ছে ও হতাহত হচ্ছে।"

তিনি জোর দিয়ে বলেছিলেন: "উত্তর সীমান্ত (দক্ষিণ লেবাননের সাথে অধিকৃত ফিলিস্তিনের সীমান্ত) আরেকটি পূর্ণাঙ্গ ও জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।"

পার্সটুডে/এমএআর/২৭