ইসরায়েলি গণমাধ্যম: হিজবুল্লাহর ড্রোন আমাদের জন্য ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িয়েছে
-
হিজবুল্লাহর ড্রোন
পার্সটুডে- ইসরায়েলি গণমাধ্যম হিজবুল্লাহর ড্রোনের শক্তি এবং অধিকৃত অঞ্চলের আকাশসীমায় এই ড্রোনগুলোর সহজে অনুপ্রবেশের ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে অধিকৃত অঞ্চলের উত্তরাঞ্চলের আকাশসীমা হিজবুল্লাহর ড্রোনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত।
গতকাল, ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ইয়াল জামির যখন ইসরায়েলের উত্তরাঞ্চল পরিদর্শন করেন, তখন হিজবুল্লাহর ড্রোনের ভয়ে এলাকাটি জাল দিয়ে ঘেরা ছিল।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১৫ কিছুক্ষণ আগে ঘোষণা করেছে, দখলদার সেনাবাহিনী হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন থেকে নিজেদের রক্ষা করার জন্য তাদের বাহিনীর মধ্যে জাল বিতরণ শুরু করেছে।
ইসরায়েলি গণমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত প্রায় ১ লক্ষ ৫৮ হাজার বর্গমিটার জাল বিতরণ করা হয়েছে এবং আরও ১ লক্ষ ৮৮ হাজার বর্গমিটার জালের জন্য অনুরোধ জানানো হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ড্রোনের দুঃস্বপ্ন লেবানন থেকে পশ্চিম তীর পর্যন্ত ইসরায়েলি দখলদারদের পিছু নিয়েছে।
এ প্রসঙ্গে, ইসরায়েলি টিভি চ্যানেল আই-২৪ নিউজের সামরিক বিষয়ক সংবাদদাতা জানিয়েছেন, পশ্চিম তীরে শত শত ড্রোনের সন্ধান পাওয়া গেছে এবং এই ড্রোনগুলোর হুমকি এই অঞ্চলের জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে, কারণ তারা এমন খবর পেয়েছে যে পশ্চিম তীর থেকে উড়ে আসা ড্রোনগুলো শুধু পশ্চিম তীরের অধিকৃত বসতিগুলোর জন্যই নয়, অন্যান্য এলাকার জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে।
প্রতিবেদন অনুসারে, পশ্চিম তীর থেকে উড়ে আসা ড্রোনগুলো এমনকি ইসরায়েলের কেন্দ্র পর্যন্তও পৌঁছাতে পারে।#
পার্সটুডে/এমআরএইচ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।