মসুল থেকে দায়েশ কমান্ডাররা পালাচ্ছে: ইরাকি মন্ত্রী
-
ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-ওবাইদি
ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-ওবাইদি জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় মসুল শহর থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কয়েকজন কমান্ডার পালিয়ে গেছে। মসুল শহর মুক্ত করার জন্য ইরাকি সামরিক বাহিনী অভিযান শুরু করার প্রেক্ষাপটে দায়েশ কমমান্ডারদের পালানোর খবর এল।
ওবাইদি জানান, দায়েশ কমান্ডারদের সঙ্গে তাদের পরিবার পরিজনও সিরিয়ার দিকে পালিয়েছে। এজন্য তাদের সাংসারিক জিনিসপত্র সব বিক্রি করে দিয়েছে। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ওবাইদি আরো বলেন, দায়েশের কিছু কমান্ডার মসুল থেকে স্বায়ত্ত্বশাসিত কুর্দি অধ্যুষিত অঞ্চলে ঢুকে পড়ার চেষ্টা করে।
২০১৪ সালে মসুল শহরটি দায়েশ সন্ত্রাসীদের কবলে চলে যায়। ইরাকের ভেতরে এ শহরটিই এখন দায়েশ সন্ত্রাসীদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে ইরাকের ফালুজাসহ দায়েশের নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি শহর পুনর্দখল করে নিয়েছে ইরাকি সেনারা। সর্বশেষ ফালুজা শহরটি মুক্ত হয়েছে সন্ত্রাসীদের কবল থেকে। এরপর মসুলের মতো গুরুত্বপূর্ণ শহর মুক্ত করার বিষয়ে ইরাকি বাহিনীর মধ্যে মনোবল চাঙ্গা হয়েছে। মসুল হচ্ছে ইরাকে দায়েশ সন্ত্রাসীদের মূল ঘাঁটি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১