আল-আকসা মসজিদে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারীর অবৈধ অনুপ্রবেশ
-
আল-আকসা মসজিদে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারীর অবৈধ অনুপ্রবেশ
পার্সটুডে: অধিকৃত আল-কুদসের ইসলামিক ওয়াক্ফ কর্তৃপক্ষ জানিয়েছে, শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা-র বরাত দিয়ে পার্সটুডে জানায়, অধিকৃত আল-কুদসের ইসলামিক ওয়াক্ফ কর্তৃপক্ষ বলেছে, তথাকথিত ‘ইহুদি ধর্মীয় উৎসব’ উদযাপনের জন্য ২২০ জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করেছে।
কর্তৃপক্ষ আরও জানায়, ইসরায়েলি দখলদার বাহিনী বসতি স্থাপনকারীদের প্রবেশে সহযোগিতা করলেও ফিলিস্তিনি মুসল্লিদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দিচ্ছে। ইসরায়েলি দখলদার বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীরা এই পবিত্র স্থানে তথাকথিত ‘তালমুদিক’ ধর্মীয় আচার ও প্রার্থনা পালন করছে।
কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি সংসদ বা নেসেটের সদস্য মোশে ফেইগলিনও বুধবার আল-আকসা মসজিদে প্রবেশকারীদের মধ্যে ছিল।
চলতি সেপ্টেম্বর মাসে অধিকৃত আল-কুদস শহর আল-আকসা মসজিদে দখলদারদের বারবার প্রবেশ ও হামলার সাক্ষী হয়েছে।
অধিকৃত আল-কুদস গভর্নরেটের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করেছে। অন্যদিকে, বছরের শুরু থেকে চলতি মাসের শুরু পর্যন্ত প্রায় ৮০০ আল-কুদসবাসীকে আল-আকসা মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, বিশিষ্ট ফিলিস্তিনি ধর্মীয় ব্যক্তিত্ব শেখ আলী আল-ইউসুফ আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৎপরতা বৃদ্ধির কথা উল্লেখ করে এসব কর্মকাণ্ডকে পরিকল্পিত ও সংগঠিত অপরাধ এবং আল-আকসা মসজিদের ইসলামী পরিচয় পরিবর্তনের লক্ষ্যে দখলদারদের একটি উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা বলে অভিহিত করেছেন।
তিনি জোর দিয়ে বলেন, বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদে এই অনুপ্রবেশ পবিত্র আল-আকসা মসজিদ এবং পুরো পবিত্র আল-কুদস শহরের ইহুদিকরণের দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত কর্মকাণ্ডের ধারাবাহিকতার নতুন একটি ধাপ।#
পার্সটুডে/এমআরএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।