বাশার আসাদকে ছাড়া সিরিয়া সংকটের সমাধান সম্ভব নয়: হিজবুল্লাহ
-
শেখ নাঈম কাসেম
খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ার হাত থেকে সিরিয়াকে রক্ষা করার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় ধরে রাখা। এ মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেকে সিরিয়া সংকটকে জটিল করে এর সমাধানের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। কিন্তু তাদের জানা উচিত, প্রেসিডেন্ট আসাদকে ছাড়া তারা সিরিয়া সংকটের সমাধান করতে পারবে না।”
হিজবুল্লাহর এ নেতা বলেন, প্রেসিডেন্ট আসাদকে ধরে রেখে সিরিয়া সংকটের যৌক্তিক ও অর্থপূর্ণ সমাধান সম্ভব যেখানে সরকার তার হিস্যা পাবে এবং বিরোধীদের অধিকারও সংরক্ষিত থাকবে। সেইসঙ্গে তৃতীয় পক্ষের সমন্বয়ের মাধ্যমে সবকিছুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
শেখ কাসেম বলেন, সুনির্দিষ্ট কিছু দেশ সিরিয়া ও ইরাককে খণ্ড-বিখণ্ড করে ফেলার চেষ্টা করছে। ওই দু’টি দেশে গত কয়েক বছর ধরে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ তৎপর রয়েছে। তবে হিজবুল্লাহ এই উগ্র গোষ্ঠীকে লেবাননে ঢুকতে দেয়নি বলে তিনি মন্তব্য করেন।
হিজবুল্লাহর উপ মহাসচিব বলেন, “ইরাক ও সিরিয়ার অখণ্ডতায় বিশ্বাসী শক্তিগুলো এতদিন এই দু’টি দেশকে বিভাজনের হাত থেকে রক্ষা করেছে। কিন্তু এ ব্যাপারে এখনো আশঙ্কার জায়গা রয়ে গেছে। কোনো কোনো বিদেশি শক্তি এই দু’টি দেশকে বা এর যেকোনো একটিকে কয়েক খণ্ডে বিভক্ত করার চেষ্টা করছে।”
সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাস থেকে বিদেশি মদদপুষ্ট সহিংসতা চলছে। জাতিসংঘের হিসাব মতে, দেশটির সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪,০০,০০০ মানুষ নিহত হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪