ইরাকে ৩,০০০ বেসামরিক নাগরিককে আটক করল দায়েশ
ইরাকের উত্তরাঞ্চলীয় হাভিজা শহর থেকে কিরকুক শহরে পলায়নরত তিন হাজার গ্রামবাসীকে আটক করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। বন্দীদের মধ্যে ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে এ গোষ্ঠী। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর এসব তথ্য দিয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) মানবাধিকার সংস্থা ‘ইরাকি অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র এক বিবৃতিতে বলা হয়েছে, আনুমানিক ১০০ থেকে ১২০ জন দায়েশ সন্ত্রাসী প্রায় ২,৯০০ বেসামরিক নাগরিককে আটক করেছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আটক ব্যক্তিদের মানবঢাল হিসেবে ব্যবহার করে আসছে দায়েশ। সন্ত্রাসীদের হাতে আটক লোকজনের মধ্যে অনেককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং ছয় জনকে পুড়িয়ে মারা হয়েছে বলেও জানিয়েছে ইরাকি অবজারভেটরি।
গতকাল পালিত হয়েছে ইরাকের ইজাদি সম্প্রদায়ের ওপর গণহত্যার দ্বিতীয় বার্ষিকী। এর মধ্যে নতুন করে দায়েশের হাতে হাজার হাজার বেসামরিক নাগরিক আটকের খবর এল।
এদিকে, দায়েশের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ শহর মসুল থেকে সন্ত্রাসীদের হটাতে চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরাকি সেনাবাহিনী ও সহযোগী স্বেচ্ছাসেবী দলগুলো। মসুল হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য জাতিসংঘ প্রায় ২০০ কোটি ডলার অনুদানের আবেদন করেছে তবে এখনো পর্যন্ত কোনো সাহায্যের আশ্বাস মেলেনি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫