ইয়েমেনি যোদ্ধাদের হাতে সৌদি আরবের ভাড়াটে ৫২ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i16609-ইয়েমেনি_যোদ্ধাদের_হাতে_সৌদি_আরবের_ভাড়াটে_৫২_সন্ত্রাসী_নিহত
ইয়েমেনের সেনারা উত্তরাঞ্চলীয় সানা প্রদেশে সৌদি আরবের ভাড়াটে ৫২ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির পক্ষে সৌদি সমর্থিত এসব সন্ত্রাসী লড়াই করে আসছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৭, ২০১৬ ১০:৫৮ Asia/Dhaka
  • আনসারুল্লাহ যোদ্ধা (ফাইল ফটো)
    আনসারুল্লাহ যোদ্ধা (ফাইল ফটো)

ইয়েমেনের সেনারা উত্তরাঞ্চলীয় সানা প্রদেশে সৌদি আরবের ভাড়াটে ৫২ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির পক্ষে সৌদি সমর্থিত এসব সন্ত্রাসী লড়াই করে আসছিল।

ইয়েমেনের একটি সামরিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, রাজধানী সানার নিহম এলাকা দখলের জন্য সন্ত্রাসীরা শনিবার হামলা চালায়। তবে ইয়েমেনের সামরিক বাহিনী ও আনসারুল্লাহ যোদ্ধারা সন্ত্রাসীদের হামলা প্রতিহত করে। এসময় নিহত হয় সৌদি সমর্থিত ৫২ সন্ত্রাসী। সৌদিপন্থি সন্ত্রাসীরা ১৭টি লাশ ফেলে রেখে চলে যায় বলে এ সূত্র জানিয়েছে।

জাতিসংঘের উদ্যোগে কুয়েতে অনুষ্ঠিত ইয়েমেন বিষয়ক আলোচনা ভেঙে যাওয়ার দিনই গতকাল এ ঘটনা ঘটেছে। গত ২১ এপ্রিল শুরু হওয়া আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেঙে গেছে।  তার আগে ১০ এপ্রিল থেকে দু পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও সৌদি আরব ইয়েমেনের ওপর বিমান হামলা চালিয়েই যাচ্ছে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়মেনে সামরিক আগ্রাসন শুরু করেছে। পলাতক প্রেসিডেন্ট আব্দু রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বহাল করার লক্ষ্যে এ হামলা চালাচ্ছে রাজতান্ত্রিক সৌদি আরব। তবে এ পর্যন্ত সে লক্ষ্য অর্জিত হয় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭