বাহরাইনি শিয়া আলেমদের সঙ্গে সরকারের শত্রুতা পরিকল্পিত: মানবাধিকার সংস্থা
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাবলিও) বলেছে, বাহরাইন সরকার পরিকল্পিতভাবে দেশটির শিয়া আলেমদের টার্গেট করছে এবং তাদের জন-সমাবেশ করার অধিকার লঙ্ঘন করছে।
বাহরাইনের শীর্ষস্থানীয় শিয়া মুসলিম আলেম শেইখ ঈসা কাসেমের নাগরিকত্ব বাতিল করার সরকারি সিদ্ধান্তের পর শিয়া আলেমদের টার্গেট করে মানামা সরকার এইসব আচরণ করছে বলে ‘এইচআরডাবলিও’ উল্লেখ করেছে।
নিউইয়র্ক-ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি আরও বলেছে, গত জুন মাস থেকে এ পর্যন্ত অন্তত ৫৬ জন শিয়া আলেমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অথবা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে বাহরাইন সরকার।
বাহরাইনের চার জন শিয়া আলেম ‘এইচআরডাবলিও’কে জানিয়েছে, তাদের বিরুদ্ধে অবৈধ সমাবেশের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। শেইখ ঈসা কাসেমের প্রতি সংহতি জানিয়ে অবস্থান ধর্মঘটে যোগ দেয়ার পর এই চার আলেমের বিরুদ্ধে অভিযোগ আনে বাহরাইনি কর্তৃপক্ষ।
গত জুন মাসে বাহরাইনের শীর্ষস্থানীয় শিয়া মুসলিম আলেম শেইখ ঈসা কাসেমের নাগরিকত্ব বাতিলের ঘোষণা দেয় দেশটির সরকার। বাহরাইনের শিয়া ও সুন্নি জনগণ দেশটিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে। গত কয়েক বছরে তাদের গণ-আন্দোলন অত্যন্ত জোরালো হয়ে উঠলে ক্ষমতা হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত আলে-খলিফার রাজতান্ত্রিক সরকার দমন-পীড়ন জোরদার করে এবং এই সরকারের সহায়তার জন্য সেখানে সেনা পাঠায় সৌদি সরকার।
বাহরাইনের প্রায় ৭৫ শতাংশ জনগণ শিয়া মুসলমান। তাই দেশটির পাশ্চাত্যপন্থী ও সেবাদাস চরিত্রের সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চায় ব্রিটিশ-মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী এবং ইহুদিবাদী মহল। বাহরাইনে স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হলে সেখান থেকে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন নৌ-ঘাঁটি গুটিয়ে নিতে হবে বলে মার্কিন সরকার বর্তমান ক্ষমতাসীন রাজাকে সহায়তা দিচ্ছে। #