দাবি পূরণে অটল বাহরাইনের জনগণ: প্রকাশ হয়ে পড়ছে সরকারের আসল চেহারা
বাহরাইনের শীর্ষ পর্যায়ের শিয়া আলেম শেখ ঈসা আহমাদ কাসেমের বাসভবনের সামনে দেশটির জনগণের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। জনতার হাতে ঈসা আহমাদ কাসেমের ছবি ও আলে খলিফা সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান সমৃদ্ধ প্ল্যাকার্ড দেখা গেছে। প্রতিবাদী জনতা শীর্ষ ধর্মীয় নেতাসহ সব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার দাবি জানিয়েছেন।
গত জুনে সরকারের নির্দেশে বাহরাইনের আদালত শেখ ঈসা আহমাদ কাসেমের নাগরিকত্ব বাতিলের ঘোষণা করলে বাহরাইনসহ সারা বিশ্বের শিয়া সম্প্রদায় তীব্র ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। বাহরাইন সরকার এমনসব ধর্মী নেতাদের বিরুদ্ধে স্টিম রোলার চালাচ্ছে সমাজে যাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং এ কারণে জনগণ ক্ষোভে ফেটে পড়েছে। আদালতের অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে শেখ ঈসা আহমাদ কাসেমের অনুসারীরা বহুদিন ধরে তার বাসভবনের সামনে এবং বিভিন্ন সড়কে বিক্ষোভ করে আসছে। নাগরিকত্ব বাতিল করে দেয়া আদালতের ওই রায় জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইনেরও স্পষ্ট লঙ্ঘন। বাহরাইনের জনগণ শেখ ঈসা আহমাদ কাসেমের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করে নাগরিকত্ব বাতিলে আদালতের দেয়া রায় বাস্তবায়ন থেকে সরকারকে বিরত রাখার চেষ্টা করছে।
বিশ্লেষকরা বলছেন, বাহরাইনের জনগণের দৃঢ় অবস্থান থেকে বোঝা যায়, রাজা আলে খলিফার ষড়যন্ত্রের বিষয়ে দেশটির জনগণ অত্যন্ত সচেতন। জনগণের অব্যাহত আন্দোলনের ফলে সরকার এক রকম বেকায়দায় পড়ে গেছে এবং আন্দোলন দমনেও সরকার কার্যত ব্যর্থ হয়েছে। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে বাহরাইনের জনগণ আলে খলিফা সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছে। দেশটির জনগণ রাজনৈতিক সংস্কার, বাগ্ব স্বাধীনতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং সামরিক শাসন বন্ধের দাবিতে আন্দোলন করছে। কিন্তু তারপরও নিরাপত্তা বাহিনী অত্যন্ত নৃশংসভাবে আন্দোলন দমনের চেষ্টা করছে।
কিন্তু জনগণ তাদের দাবিতে অটল থাকায় দিন দিন সরকারের আসল চেহারা সবার সামনে প্রকাশ হয়ে পড়ছে। বাহরাইন সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতিসংঘও বাহরাইন পরিস্থিতির প্রতিবাদ জানিয়েছে। প্রভাবশালী শিয়া আলেম শেখ ঈসা আহমাদ কাসেমের নাগরিকত্ব বাতিলের ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বাহরাইনের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের প্রতি সম্মান দেখানো এবং মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক রীতি মেনে চলার জন্য আলে খলিফা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক সমাজের প্রতিবাদ সত্ত্বেও বাহরাইন সরকার দেশটির জনগণের ওপর জুলুম নির্যাতন চালানো এবং সম্মানিত ধর্মীয় নেতাদের নাগরিকত্ব বাতিলের মতো তৎপরতা অব্যাহত রেখেছে। আলে খলিফা সরকার প্রমাণ করেছে, জনগণের বিরুদ্ধে নৃশংস দমন অভিযান চালানোর ক্ষেত্রে তারা কোনো সীমা পরিসীমা মানে না। সাম্প্রতিক মাসগুলোতে বাহরাইনে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার ও জুলুম নির্যাতন এবং প্রভাবশালী ধর্মীয় নেতাদের নাগরিকত্ব বাতিলের ঘটনা বহুগুণে বেড়ে গেছে।
বাহরাইন সরকার জনগণর ন্যায্য অধিকার পদদলিত করে ও মানবাধিকার লঙ্ঘন করে পুরো দেশটিকে বৃহৎ কারাগারে পরিণত করেছে। কিন্তু তারপরও সরকারের সব বিধি-নিষেধ উপেক্ষা করে জনগণ সারা দেশে তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছে। #
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৩