বাহরাইনে ব্যাপক গ্রেফতার অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাহরাইনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক গ্রেফতার অভিযান এবং প্রভাবশালী শিয়া নেতা শেখ ঈসা কাসেমের নাগরিকত্ব বাতিলের তীব্র নিন্দা জানিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাহরাইন বিষয়ক সমন্বয়কারী অ্যারিয়েল ব্লুটিজেন বলেছেন, নাগরিকত্ব বাতিল করে শেখ ঈসা কাসেমের প্রতি মারাত্মক অন্যায় করা হয়েছে এবং এটা সরকারের স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ। এমনকি এই ধর্মীয় নেতাকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেয়া হয়নি।
তিনি আরো বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাহরাইনে নতুন করে শুরু হওয়া ব্যাপক গ্রেফতার অভিযানের নিন্দা জানানোর পাশাপাশি এটাকে মানবাধিকার লঙ্ঘন বলে মনে করে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাহরাইন বিষয়ক সমন্বয়কারী আরো বলেছেন, খুব শিগগিরি জেনেভায় অনুষ্ঠেয় মানবাধিকার বিষয়ক বৈঠকে বাহরাইনের কোনো কর্মী যাতে অংশগ্রহণ করতে না পারে সেজন্যই সরকার গ্রেফতার অভিযান শুরু করেছে। #
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/মুজাহিদুল ইসলাম/৫