সিরিয়ার সেনা অবস্থানে এবার ইসরাইলি ড্রোন হামলা:নিহত ১
-
গোলান মালভূমি (ফাইল ছবি)
সিরিয়ার সেনা অবস্থানে এবার ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। শনিবার গোলান মালভূমিতে অবস্থিত সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে চালানো এ হামলায় অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
সিরিয়ার সেনাবাহিনী যখন গোলান মালভূমিতে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে তখন তাদের উপর বিমান হামলা চালাল তেল আবিব।
ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমির সিরিয় অংশে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।
গত সপ্তাহে সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করে, তাদের অবস্থানে বিমান হামলা চালানোর পর তারা একটি ইসরাইলি জঙ্গিবিমান ও একটি ইসরাইলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
দামেস্ক বলছে, দখলদার ইসরাইল ও তার পশ্চিমা মিত্ররা সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।বিভিন্ন যুদ্ধে উগ্র জঙ্গিদের কাছ থেকে ইসরাইলে নির্মিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী।
১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধে গোলান মালভূমির বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় তেল আবিব। এরপর কোনো ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়াই দখলীকৃত গোলান মালভূমিকে নিজের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করে ইসরাইল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮