তুর্কি সেনা উপস্থিতি মসুল অভিযান বাধাগ্রস্ত করছে: ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i20953-তুর্কি_সেনা_উপস্থিতি_মসুল_অভিযান_বাধাগ্রস্ত_করছে_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের ভূখণ্ড থেকে তুর্কি সেনাদেরকে সরিয়ে নিতে আবারো আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তুর্কি সেনা উপস্থিতির ফলে দায়েশ নিয়ন্ত্রিত ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর সন্ত্রাসীমুক্ত করার অভিযান জটিল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১২:২৩ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের ভূখণ্ড থেকে তুর্কি সেনাদেরকে সরিয়ে নিতে আবারো আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তুর্কি সেনা উপস্থিতির ফলে দায়েশ নিয়ন্ত্রিত ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর সন্ত্রাসীমুক্ত করার অভিযান জটিল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি নিউইয়র্কে অনুষ্ঠানরত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে এ মন্তব্য করেন।

তিনি তার ভাষণে বলেন, "ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং সমর্থন জানাতে আমি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি।সেই সঙ্গে ইরাকের ভূখণ্ড থেকে নিজ সেনাদেরকে সরিয়ে নিতে বিশ্ব সমাজের উচিত তুরস্কের প্রতি আহ্বান জানানো। কারণ তুর্কি সেনাদের উপস্থিতি নেইনাভা প্রদেশ থেকে দায়েশ সন্ত্রাসীদেরকে নির্মূল করার প্রচেষ্টা চরমভাবে বাধাগ্রস্ত  হচ্ছে।"  

গত বছরের ডিসেম্বরে ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী মসুল শহরের উপকণ্ঠে তুরস্ক ভারী অস্ত্র এবং ২০ থেকে ২৫টি ট্যাংকসহ ১৫০ সেনা মোতায়েন করেছে। এটি ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর। দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত কুর্দি পেশমার্গা বাহিনীকে প্রশিক্ষণ এবং সমরাস্ত্রে সজ্জিত করতেই সেখানে সেনা পাঠানো হয়েছে বলে আঙ্কাকারার পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এ ধরণের বেআইনি পদক্ষেপ ইরাকের সার্বভৌমত্বের প্রতি সুস্পষ্ট লঙ্ঘন বলে বাগদাদ এর তীব্র নিন্দা জানিয়েছে।

গতকাল(বৃহস্পতিবার) জাতিসংঘের সাধারণ পরিষদের দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এবাদি আরো বলেন, তার দেশের বেশিরভাগ ভূখণ্ড দায়েশমুক্ত হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ মসুল শহর থেকে দায়েশকে নির্মূল করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন এবাদি।#

পার্সটুডে/বাবুল আখতার/২৩