বাহরাইনের মানবাধিকার পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
https://parstoday.ir/bn/news/west_asia-i21163-বাহরাইনের_মানবাধিকার_পরিস্থিতিতে_জাতিসংঘ_মহাসচিবের_উদ্বেগ
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাহরাইনের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন আহমাদ আলে খলিফার সঙ্গে সাক্ষাতে বান কি মুন ওই আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ১৫:০৩ Asia/Dhaka

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাহরাইনের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন আহমাদ আলে খলিফার সঙ্গে সাক্ষাতে বান কি মুন ওই আহ্বান জানান।

বাহরাইনে মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের সমালোচনা থেকে সেদেশের জনগণের দুরবস্থার বিষয়ে আন্তর্জাতিক সমাজের উদ্বেগের বিষয়টি ফুটে উঠেছে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর বাহরাইনের জনগণের ওপর আলে খলিফা সরকারের জুলুম নির্যাতনের মাত্রা বহুগুণে বেড়েছে।

বিশ্লেষকরা বলেছেন, বাহরাইনে স্বৈরসরকারের বিরুদ্ধে চলমান গণআন্দোলন অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করা হচ্ছে। প্রতিদিনই গণগ্রেফতার ও রাজনৈতিক নেতাকর্মীদের বিচারের নামে প্রহসন আশঙ্কাজনকভাবে বেড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার  সংগঠনগুলো বহুবার বাহরাইনের জনগণের ওপর দমনপীড়ন এবং আন্তর্জাতিক সমাজ বিশেষ করে জাতিসংঘের সঙ্গে তাদের সহযোগিতার পথে বাধা সৃষ্টির জন্য আলে খলিফা সরকারের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার  সংগঠনগুলো বিনা শর্তে বাহরাইনের জনগণের বাকস্বাধীনতা ও চলাফেরার স্বাধীনতা রক্ষা এবং সেইসঙ্গে রাজনৈতিক বন্দীদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছে।

কিন্তু বাহরাইনের স্বৈরসরকার এসব আহ্বানের তোয়াক্কা না করে জনগণের বাকস্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ও রাজনৈতিক দল গঠনের অধিকার হরণ করে চলেছে। তবে আলে খলিফা সরকার জনগণের ওপর দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রাখলেও গত কয়েক বছরে গণআন্দোলন আরো জোরদার হয়েছে। ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাহরাইনে সরকার বিরোধী গণআন্দোলন শুরু হয়।

বিশ্লেষকরা বলছেন, আলে খলিফা সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, বাহরাইন সংকট আন্তর্জাতিক রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আলে খলিফা সরকারের সমর্থক পশ্চিমা সরকারগুলোও বাহরাইন সরকারের সমালোচনা করা শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট গত জুলাই মাসে বাহরাইনে সরকার বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার কর্মীদের ওপর আলে খলিফা সরকারের দমনপীড়নের নিন্দা জানিয়ে রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা এক প্রস্তাবে ধর্ম ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে জনগণের নিরাপত্তা দেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাহরাইনে রাজনৈতিক বন্দীর সংখ্যা বৃদ্ধি এবং জেলখানায় আটক বন্দীদের ওপর অকথ্য নির্যাতন আলে খলিফা সরকারের স্বৈরাচারী আচরণের বড় প্রমাণ। বাহরাইনে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা এতটাই বেশি যে, যেকেউ বিষয়টি লক্ষ্য করলে এর নিন্দা না জানিয়ে পারবে না। বাহরাইন পরিস্থিতির ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং জাতিসংঘের প্রতিবেদন থেকে সেখানকার পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করা যায়।# 

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/২৫