সিরিয় সৈন্য হত্যার জন্য আমেরিকাকে ক্ষমা চাইতে হবে: দামেস্ক
-
বুথাইনা শাবান
বিমান হামলা চালিয়ে সিরিয়ার বহু সৈন্যকে হত্যার জন্য আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে দামেস্ক। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের গণমাধ্যম ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা বুথাইনা শাবান এ আহ্বান জানিয়েছেন।
লেবাননের আল-মায়াদিন টিভি নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন সিরিয়ার কাছে ক্ষমা চেয়েছে কিন্তু তা রাষ্ট্রীয়ভাবে হয়নি।
গত ১৭ সেপ্টেম্বর মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে বিমান হামলা চালিয়ে প্রায় ৮০ জন সরকারি সৈন্যকে হত্যা করে। ওই হামলায় আহত হয় সিরিয়ার আরো কয়েকশ’ সৈন্য।
ওই ঘটনার পর একজন মার্কিন কর্মকর্তা দাবি করেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে ভুল করে সিরিয়ার সরকারি সৈন্যদের ওপর হামলা হয়ে গেছে। তিনি এজন্য রাশিয়ার মাধ্যমে সিরিয়ার জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা এজন্য ক্ষমা চাচ্ছি এবং এ ঘটনার পুনরাবৃত্তি রোধের চেষ্টা করব।
তবে দামেস্ক ওই ক্ষমা প্রার্থনাকে যথেষ্ট মনে করছে না। প্রেসিডেন্ট আসাদের উপদেষ্টা শাবান জানিয়েছেন, ওই বর্বরোচিত হামলার জন্য দামেস্কের কাছে ওয়াশিংটনকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭