তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাক
-
তুর্কি সেনা (ফাইল ফটো)
অব্যাহত প্রতিবাদ সত্ত্বেও বাগদাদের অনুমতি ছাড়া উত্তর ইরাকে তুর্কি সেনা মোতায়েন রাখায় তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জামাল আজ (বৃহস্পতিবার) এ খবর জানিয়েছেন।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ অধিকৃত মসুল শহরের কাছে বাশিকা এলাকায় তুরস্ক সেনা মোতায়েন করে রেখেছে। গত সপ্তাহে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, তুর্কি সেনা প্রত্যাহারের বিষয়ে বাগদাদ যাই বলুক না কেন, সেখানে তার দেশের সেনা উপস্থিতি বজায় থাকবে।
আহমেদ জামাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, “বাশিকার কাছে তুর্কি বাহিনীর অব্যাহত উপস্থিতি ও তাদের নেতার সাম্প্রতিক অপমানজনক বিবৃতির বিষয়ে তুর্কি রাষ্ট্রদূতের কাছে জোরালো ভাষায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।”
চলতি সপ্তাহের শুরুর দিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদিকে অনেকটা শিষ্টাচার লঙ্ঘন করেই বলেছেন, “নিজের অবস্থান জেনে কথা বলুন।” এছাড়া, ইরাকের প্রধানমন্ত্রী এরদোগানের পর্যায়ে নন বলেও মন্তব্য করেছেন।
এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী এবাদি আবারো দাবি করেছেন যে, ইরাকের মাটি থেকে তুর্কি সেনাদের প্রত্যাহার করতে হবে এবং উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের হাত থেকে মসুল শহর মুক্তির আসন্ন অভিযানে তুর্কি সেনারা অংশগ্রহণ করতে পারবে না।
মার্কিন পররাষ্ট্র দপ্তরও ইরাকের অবস্থানকে সমর্থন জানিয়ে চলতি সপ্তাহের শুরুর দিকে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, “আমরা বিশ্বাস করি, ইরাকে অবস্থানরত সব আন্তর্জাতিক বাহিনী দেশটির সরকারের অনুমোদন নিয়ে ও সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে থাকবে।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩