মসুল উদ্ধার অভিযানে যেকোনো মূল্যে অংশ নেব: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i23269-মসুল_উদ্ধার_অভিযানে_যেকোনো_মূল্যে_অংশ_নেব_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আবারো জোর দিয়ে বলেছেন, ইরাকের মসুল নগরী পুনরুদ্ধারের অভিযানে তার দেশের সেনা অবশ্যই অংশগ্রহণ করবে। তিনি সোমবার এক টেলিভিশন ভাষণে বলেন, আঙ্কারার পক্ষে এ অভিযান থেকে দূরে থাকা কোনোভাবেই সম্ভব নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০১৬ ০২:২৫ Asia/Dhaka
  • এরদোগান
    এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আবারো জোর দিয়ে বলেছেন, ইরাকের মসুল নগরী পুনরুদ্ধারের অভিযানে তার দেশের সেনা অবশ্যই অংশগ্রহণ করবে। তিনি সোমবার এক টেলিভিশন ভাষণে বলেন, আঙ্কারার পক্ষে এ অভিযান থেকে দূরে থাকা কোনোভাবেই সম্ভব নয়।

এরদোগান বলেন, “আমরা এই অভিযানে অংশ নেব। আমাদের ভাই ও আত্মীয়-স্বজন সেখানে রয়েছে। কাজেই এ অভিযান থেকে দূরে থাকা আমাদের পক্ষে অসম্ভব।”

২০১৪ সালের জুন মাসে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কাছে হাতছাড়া হয়ে যায় ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল। সোমবার সকাল থেকে নগরীটি পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে ইরাকের সেনাবাহিনী।

মসুল উদ্ধার অভিযানে যাচ্ছে ইরাকি সেনাবাহিনী

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি মসুল অভিযান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে স্পষ্ট ভাষায় বলেছেন, এ অভিযানে কোনো বিদেশি সেনার অংশগ্রহণের প্রয়োজন নেই।

কিন্তু তুর্কি প্রেসিডেন্ট প্রয়োজন না থাকা সত্ত্বেও গায়ে পড়ে এ অভিযানে অংশ নিতে চান।

তুরস্ক গত বছরের নভেম্বরে ইরাক সরকারের অনুমতি না নিয়েই মসুলের কাছে শত শত সেনা ও ট্যাংক মোতায়েন করে। আঙ্কারার এ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ইরাক থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানায় বাগদাদ। কিন্তু আঙ্কারা সে আহ্বানে কান দেয়নি; বরং উল্টো গতমাসে তুরস্কের সংসদ ইরাকে তুর্কি সেনা মোতায়েনের মেয়াদ আরেক বছর বাড়িয়ে বিল পাস করেছে।

তুর্কি প্রেসিডেন্ট কয়েকদিন আগে এক বক্তৃতায় বলেছিলেন, মসুল উদ্ধার অভিযানে তার দেশের সেনাবাহিনীকে অংশগ্রহণ করতে না দিলে তিনি বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তবে সেই বিকল্প কি হতে পারে সে বিষয়ে তিনি কোনো ইঙ্গিত দেননি।

ইরাকের মাটিতে অনুপ্রবেশ করে এ ধরনের স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদে গত বৃহস্পতিবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে। এর প্রতিবাদ জানিয়ে বক্তৃতা দেন এরদোগান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮