দায়েশ জঙ্গিরা সিরিয়ায় পালিয়ে গেলে দায় আমেরিকার: ইরাক
-
হায়দার আল-এবাদি
ইরাকের মসুল শহর পুনরুদ্ধারের অভিযান থেকে প্রাণে রক্ষা পেতে দায়েশ সন্ত্রাসীরা যাতে সিরিয়ায় পালিয়ে যেতে না পেরে সেজন্য ব্যবস্থা নিতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের প্রতি আহ্বান জানিয়েছে বাগদাদ। ইরাকি সেনাবাহিনীর মসুল অভিযানে বিমান সহায়তা দেয়ার দাবি করছে মার্কিন নেতৃত্বাধীন জোট।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, “দায়েশ সন্ত্রাসীদের সিরিয়ায় যাওয়ার পথ বন্ধ করে দেয়ার দায়িত্ব মার্কিন নেতৃত্বাধীন জোটের।” তারা সেটি না করলে এর পুরো দায়ভার আমেরিকাকে নিতে হবে বলে তিনি সতর্ক করে দেন। একই সঙ্গে এবাদি সেনাবাহিনীকে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার নির্দেশ দিয়ে বলেছেন, বেসামরিক নাগরিকরা প্রয়োজনে শহর ত্যাগ করতে চাইলে তাদেরকে সে সুযোগ দিতে হবে।
দীর্ঘ প্রস্তুতির পর সোমবার থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর পুনরুদ্ধারের অভিযান শুরু হয়েছে। ইরাকের সামরিক বাহিনীর পাশাপাশি শিয়া, সুন্নি ও কুর্দি পেশমার্গা স্বেচ্ছাসেবী বাহিনী অভিযানে অংশ নিচ্ছে।
রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থা একটি অজ্ঞাত কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে, মসুল থেকে সিরিয়ায় যাওয়ার জন্য সন্ত্রাসীদেরকে নিরাপদ রুট করে দেয়া হবে- এমন শর্তে আমেরিকা ও সৌদি আরব মসুলে দায়েশ-বিরোধী অভিযান চালাতে দিতে রাজি হয়েছে।
২০১৪ সালের জুন মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করেছিল দায়েশ সন্ত্রাসীরা। ওই নগরী দখলের পর দায়েশ নেতা আবু বকর আল-বাদদাদি জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকাগুলো নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯