‘সীমান্ত অতিক্রমকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে ধরা হবে’
সিরিয়ার সেনাবাহিনীর জেনারেল কমান্ড হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দায়েশ জঙ্গীরা ইরাক থেকে দেশটির সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে ধরে নেয়া হবে।
ওই কমান্ড মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সমর্থকরা দায়েশ সন্ত্রাসীদেরকে সিরিয়ায় প্রবেশের নিরাপদ রুট তৈরি করে দিতে চায়। বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের মসুল থেকে পালিয়ে যাওয়া দায়েশ সন্ত্রাসীদেরকে নিরাপদে সিরিয়ায় প্রবেশ করতে দেয়ার ‘কুচক্রি পরিকল্পনা’ করেছে সৌদি আরব ও আমেরিকা।
বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, সেদেশের সীমান্ত অতিক্রমের যেকোনো প্রচেষ্টাকে ‘আরব প্রজাতন্ত্র সিরিয়ার সার্বভৌমত্বের ওপর হামলা’ হিসেবে ধরে নেয়া হবে। যারাই এ কাজ করতে চাইবে তাদেরকে ‘সন্ত্রাসী’ হিসেবে ধরে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
দীর্ঘ প্রস্তুতির পর সোমবার থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর পুনরুদ্ধারের অভিযান শুরু হয়েছে। ইরাকের সামরিক বাহিনীর পাশাপাশি শিয়া, সুন্নি ও কুর্দি পেশমার্গা স্বেচ্ছাসেবী বাহিনী অভিযানে অংশ নিচ্ছে। এ অবস্থায় এ অভিযান থেকে বাঁচতে দায়েশ জঙ্গিরা সিরিয়ায় পালিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থা একটি অজ্ঞাত কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে, মসুল থেকে সিরিয়ায় যাওয়ার জন্য সন্ত্রাসীদেরকে নিরাপদ রুট করে দেয়া হবে- এমন শর্তে আমেরিকা ও সৌদি আরব মসুলে দায়েশ-বিরোধী অভিযান চালাতে দিতে রাজি হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯