‘মসুল থেকে স্ত্রীদের নিয়ে পালিয়ে যাচ্ছে দায়েশ নেতারা’
https://parstoday.ir/bn/news/west_asia-i23449-মসুল_থেকে_স্ত্রীদের_নিয়ে_পালিয়ে_যাচ্ছে_দায়েশ_নেতারা’
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর পুনরুদ্ধারের লক্ষ্যে সেনাবাহিনী সাঁড়াশি অভিযান শুরু করার পর জঙ্গি গোষ্ঠী দায়েশের নেতারা তাদের স্ত্রীদের নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। এ খবর দিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের স্থলবাহিনীর কমান্ডার মেজর জেনারেল গ্যারি ভোলেস্কি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২০, ২০১৬ ০২:৪৪ Asia/Dhaka
  • মেজর জেনারেল গ্যারি ভোলেস্কি
    মেজর জেনারেল গ্যারি ভোলেস্কি

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর পুনরুদ্ধারের লক্ষ্যে সেনাবাহিনী সাঁড়াশি অভিযান শুরু করার পর জঙ্গি গোষ্ঠী দায়েশের নেতারা তাদের স্ত্রীদের নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। এ খবর দিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের স্থলবাহিনীর কমান্ডার মেজর জেনারেল গ্যারি ভোলেস্কি।

তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের বলেছেন, আমরা দায়েশ জঙ্গিদের এই বার্তা দিতে চাই যে, তাদেরকে বিপদের মুখে রেখে তাদের নেতারা জীবন বাঁচাতে নগরী ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমরা দায়েশ নেতাদের মসুল ছেড়ে পালাতে দেখছি।

মসুলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর তিনদিনের মাথায় এ খবর দিলেন মার্কিন জেনারেল। তিনি আরো বলেন, দায়েশের স্থানীয় সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে পালিয়ে যেতে পারলেও মসুলে আটকে পড়া বিদেশি জঙ্গিরা কোনো অবস্থাতেই পালাতে পারবে না।

এর কারণ হিসেবে তিনি বলেন, চেহারা, গায়ের রং এবং ভাষাগত কারণে বিদেশি জঙ্গিরা মসুলের সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারবে না। ফলে তাদেরকে ধরা পড়তেই হবে।

ইরাক ও সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোতে হাজার হাজার বিদেশি সন্ত্রাসী যোগ দিয়েছে। মসুল নগরীতেও এরকম শত শত বিদেশি জঙ্গি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ প্রস্তুতির পর গত সোমবার থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে মসুল শহর পুনরুদ্ধারের অভিযান শুরু হয়েছে।  ইরাকের সামরিক বাহিনীর পাশাপাশি শিয়া, সুন্নি ও কুর্দি পেশমার্গা স্বেচ্ছাসেবী বাহিনী অভিযানে অংশ নিচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০