ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না: সৌদি ও তুরস্ককে এবাদি
-
ইসলামী জাগরণ বিষয়ক বিশ্ব পরিষদের ৯ম সুপ্রিম কাউন্সিলে বক্তব্য দিচ্ছেন ইরাকি প্রধানমন্ত্রী (বাম থেকে দ্বিতীয়)
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে রিয়াদ এবং আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ (শনিবার) রাজধানী বাগদাদে অনুষ্ঠানরত ইসলামী জাগরণ বিষয়ক বিশ্ব পরিষদের ৯ম সুপ্রিম কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বিশ্বের মুসলিম দেশগুলো থেকে আসা ইসলামী বিশেষজ্ঞ এবং বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বদের সামনে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। ইরাকে এমন সময় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন দেশটির সামরিক বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধার করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে।
প্রধানমন্ত্রী এবাদি বলেন, "সৌদি আরব এবং তুরস্ক আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলেই বরং তাদের জন্য মঙ্গল হবে।" তিনি আরো বলেন, ইরাকের বিরোধিতা সত্ত্বেও মসুল পুনরুদ্ধার অভিযানে তুরস্ক জোর করে সামরিক ভূমিকা পালন করতে চায়। তুরস্কের এ আচরণ দু'দেশের কূটনৈতিক সম্পর্কে মারাত্মক টানাপড়েন সৃষ্টি করেছে।
এবাদি বলেন, তাকফিরি দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি গেরিলাদেরকে প্রশিক্ষণ দেয়ার অজুহাতে আঙ্কারা মসুলের কাছে সেনা মোতায়েন করেছে। ইরাক সরকারের অনুরোধ ছাড়াই তুরস্ক সেনা পাঠিয়েছে -এ কথা উল্লেখ করে এবাদি আরো বলেন, আঙ্কারা দায়েশের বিরুদ্ধে লড়াই করছে না বরং তারা এ অঞ্চলে তাদের সম্প্রসারণকামী নীতি বাস্তবায়ন করতে চায়। যখন অনুরোধ জানানো হয়েছিল তখন আঙ্কারা সরকার বাগদাদকে সহায়তা দেয়ার জন্য এগিয়ে আসে নি বলেও জানান তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/২২