ইরাকের বিরোধিতা উপেক্ষা করে মসুল যুদ্ধে যোগ দিল তুরস্ক
-
ইরাকি সেনাবাহিনীর উদ্ধার অভিযান
ইরাক সরকারের বিরোধিতা সত্ত্বেও উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের হাত থেকে মসুল উদ্ধার অভিযানে নিজের জড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছে তুরস্ক। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছেন, ‘কুর্দি পিশমার্গা বাহিনীর অনুরোধে’ সাড়া দিয়ে তুর্কি সেনারা হামলায় অংশ নিয়েছে।
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল পুনরুদ্ধারের আনুষ্ঠানিক অভিযান শুরু হয় গত সপ্তাহে। ইরাকি সেনাবাহিনী ও তার সহযোগী ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনীগুলো এখনো নগরী থেকে বেশ খানিকটা দূরে রয়েছে। বর্তমানে তারা মসুলের পার্শ্ববর্তী শহর ও গ্রামগুলো দখল করে সামনের দিকে অগ্রসর হচ্ছে।
এরই অংশ হিসেবে মসুলের পূর্বদিকে অবস্থিত বাশিকা শহর দায়েশের হাত থেকে মুক্ত করার যে অভিযান চলছে তাতে তুর্কি সেনারা ইরাকের কুর্দি পিশমার্গা বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বলে জানান ইলদিরিম। তিনি রোববার আঙ্কারায় বলেন, “বাশিকা থেকে দায়েশ নির্মূলের জন্য পিশমার্গা বাহিনী আমাদের সহায়তা চেয়েছে। কাজেই আমরা আমাদের ট্যাংক, গোলন্দাজ ইউনিট ও ক্ষুদ্র কামান দিয়ে হামলায় সহযোগিতা করছি।”
এর আগে শনিবার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, তুরস্ক যেন মসুল উদ্ধার অভিযানে নিজেকে না জড়ায়। ইরাকি নিরাপত্তা বাহিনী এককভাবে মসুল পুনরুদ্ধারের ক্ষমতা রাখে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, প্রয়োজন হলে আমরা শুধু তুরস্ক নয় অন্যান্য দেশের কাছেও সাহায্য চাইব; কিন্তু এই মুহূর্তে সেটার কোনো প্রয়োজন নেই।
চলতি বছরের গোড়ার দিকে বাগদাদ সরকারের অনুমতি না নিয়েই ইরাকে সেনা অনুপ্রবেশ ঘটায় তুরস্ক। এসব তুর্কি সেনাকে মসুলের কাছে বাশিকা সেনা ছাউনিতে মোতায়েন করা হয়। বর্তমানে ইরাকি সেনাবাহিনীর সহযোগী হিসেবে যখন কুর্দি পিশমার্গা বাহিনী বাশিকা উদ্ধার অভিযান শুরু করেছে তখন তুরস্ক তার সেনাদেরকে এ যুদ্ধে জড়িয়ে ফেলার সুযোগকে কাজে লাগাল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪