মসুলের ৮ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে পিশমার্গা বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i23830-মসুলের_৮_কিলোমিটারের_মধ্যে_পৌঁছে_গেছে_পিশমার্গা_বাহিনী
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী দায়েশ জঙ্গিদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে ওই নগরীর আট কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে দেশটির কুর্দি স্বেচ্ছাসেবী বাহিনী ‘পিশমার্গা’। এর আগে এই বাহিনী মসুলের পূর্বদিকে অবস্থিত বাশিকা শহর দায়েশের হাত থেকে পুনর্দখল করার ঘোষণা দেয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৬ ০৩:৩৫ Asia/Dhaka
  • মসুল অভিমুখে ইরাকি বাহিনীর অগ্রাভিযান
    মসুল অভিমুখে ইরাকি বাহিনীর অগ্রাভিযান

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী দায়েশ জঙ্গিদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে ওই নগরীর আট কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে দেশটির কুর্দি স্বেচ্ছাসেবী বাহিনী ‘পিশমার্গা’। এর আগে এই বাহিনী মসুলের পূর্বদিকে অবস্থিত বাশিকা শহর দায়েশের হাত থেকে পুনর্দখল করার ঘোষণা দেয়।

পিশমার্গার যোদ্ধারা দু’টি দলে বিভক্ত হয়ে প্রথমে বাশিকা শহরকে দু’দিক থেকে ঘিরে ফেলে সেটির ওপর আক্রমণ চালায়। বর্তমানে বাশিকা ও এর আশপাশের প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা থেকে দায়েশকে হটিয়ে দেয়ার দাবি করেছে পিশমার্গা বাহিনী।

তারা বাশিকা-মসুল মহাসড়কের একটি বড় অংশও দায়েশের হাত থেকে মুক্ত করেছে। এর ফলে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীটির চলাচল সীমিত হয়ে পড়বে বলে জানিয়েছে পিশমার্গা।

একজন কুর্দি সেনা কমান্ডার জানিয়েছেন, তাদের অনুরোধে সাড়া দিয়ে তুরস্কের সেনারা বাশিকা মুক্ত করার অভিযানে অংশ নিয়েছে।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল পুনরুদ্ধারের আনুষ্ঠানিক অভিযান শুরু হয় গত সপ্তাহে। ইরাকি সেনাবাহিনী ও তার সহযোগী ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনীগুলো এখনো নগরী থেকে বেশ খানিকটা দূরে রয়েছে। বর্তমানে তারা মসুলের পার্শ্ববর্তী শহর ও গ্রামগুলো দখল করে সামনের দিকে অগ্রসর হচ্ছে।

এদিকে মসুল উদ্ধার অভিযানে ইরাকি সেনাবাহিনীর অগ্রযাত্রাও চলছে। অন্যতম সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিজেম আল-জাবুর বলেছেন, মসুল থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দায়েশের হাত থেকে পুনর্দখল করেছে সেনাবাহিনী। এ ছাড়া, এ পর্যন্ত মসুলের পার্শ্ববর্তী অন্তত ৩০টি গ্রামও দায়েশমুক্ত করা হয়েছে। একজন ইরাকি কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনীর অগ্রাভিযানের খবর পেয়ে দায়েশের নিয়ন্ত্রণে থাকা একটি গ্রামের আনন্দ উদযাপনরত প্রায় ৪০ ব্যক্তিকে হত্যা করেছে এই জঙ্গি গোষ্ঠী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪