মসুল অভিযান: নতুন ফ্রন্ট খুলেছে ইরাকি বাহিনী
-
স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবি'র এক যোদ্ধা
ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল শহর মুক্তির অভিযানে দেশটির সামরিক বাহিনী নতুন তিনটি ফ্রন্ট খুলেছে এবং শহরের পূর্ব দিকে এগিয়ে যাওয়ার জন্য এসব ফ্রন্টকে ব্যবহার করছে। ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড এ খবর দিয়েছে।
ইরাকের একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা সম্প্রতি পুনরুদ্ধার করা বারতাল্লা এলাকা থেকে জানিয়েছেন, তাদের সামনে এখন দুটি গ্রাম রয়েছে। এ দুটি গ্রামের নিয়ন্ত্রণ নিতে পারলে তারা মসুল শহরের কয়েকশ মিটারের মধ্যে পৌঁছে যাবেন। মসুল মুক্তির অভিযান এরইমধ্যে তৃতীয় সপ্তাহে পড়েছে। ২০১৪ সালে মসুল দখলের পর শহরটিকে উগ্র সন্ত্রাসীরা ইরাকে তাদের সদরদপ্তর হিসেবে ব্যবহার করে আসছে।
এদিকে, ইরাকের সুমারিয়া ওয়েবসাইট জানিয়েছে, স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবি আজ (সোমবার) মসুল শহরের পশ্চিমে অবস্থিত দিলাওয়া আশ-শারকিয়া নামে একটি গ্রাম মুক্ত করেছে। এছাড়া, উত্তরাঞ্চলীয় সাতটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে নিরাপত্তা বাহিনী।
অন্যদিকে, মসুল শহরের কেন্দ্রস্থলে সার্জখানা এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি বৈঠকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১