‘মসুলে আটকা পড়েছেন বাগদাদি’
https://parstoday.ir/bn/news/west_asia-i24655-মসুলে_আটকা_পড়েছেন_বাগদাদি’
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের নেতা আবুবকর আল-বাগদাদি ইরাকের মসুল শহরে আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে। একজন পদস্থ কুর্দি কর্মকর্তা বুধবার এ খবর জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৩, ২০১৬ ০৩:৫৫ Asia/Dhaka
  • ‘মসুলে আটকা পড়েছেন বাগদাদি’

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের নেতা আবুবকর আল-বাগদাদি ইরাকের মসুল শহরে আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে। একজন পদস্থ কুর্দি কর্মকর্তা বুধবার এ খবর জানিয়েছেন।

ইরাকের কুর্দি রিজিওনাল ব্যুরোর সভাপতি ফুয়াদ হোসেইন বৃটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, বাগদাদিকে গত ৯ মাসে জনসমক্ষে দেখা যায়নি। তবে খুব সম্ভবত তিনি বেঁচে আছেন এবং মসুলেই অবস্থান করছেন।

সেনাবাহিনীর মসুল অভিযানে দায়েশের প্রধান নিহত হলে এই জঙ্গি গোষ্ঠীর যুদ্ধ করার ক্ষমতায় বিপর্যয় ঘটবে বলে উল্লেখ করেন এই কুর্দি নেতা। তিনি বলেন, বাগদাদি মসুলে রয়েছেন এবং তার মৃত্যু দায়েশের অস্তিত্বকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।

বাগদাদি নিহত হলে দায়েশের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো দ্রুততার সঙ্গে দখলমুক্ত হবে বলে মনে করেন ফুয়াদ হোসেইন। তিনি বলেন, তবে যতক্ষণ বাগদাদি বেঁচে আছেন ততক্ষণ তার জীবন রক্ষা করার জন্য দায়েশ জঙ্গিরা যেকোনো পাশবিকতা চালাতে দ্বিধা করবে না।

স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় ইরাকের সেনাবাহিনী বর্তমানে মসুল পুনরুদ্ধারের বিশাল অভিযান চালাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে দায়েশের হাত থেকে মসুল মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে বাগদাদ সরকার। ২০১৪ সালে মসুল দখল করে কথিত খেলাফত ঘোষণা করেছিল দায়েশ এবং বাগদাদি নিজেকে স্বঘোষিত খলিফা দাবি করেছিলেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩