আলেপ্পোতে নিজেদের মধ্যে সংঘর্ষে ২৫ সন্ত্রাসী হতাহত
যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোতে দু'টি উগ্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন হতাহত হয়েছে বলে ব্রিটেন ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।
গতকাল (বুধবার) কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সন্ত্রাসী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্ব অংশে ফাসতাকিন ইউনিয়ন এবং নূর আদ-দিন আল-জেঙ্কি আন্দোলনের মধ্যে সংঘর্ষে এসব ব্যক্তি হতাহত হয়েছে।
বিরোধী পক্ষের নিয়ন্ত্রিত এলাকায় নিজেদের একজন কমান্ডারকে আটক করে রাখার জেরে আল-জেঙ্কির সন্ত্রাসীরা সেখানে হামলা চালায় বলে সংস্থাটি জানিয়েছে।
সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে বিভিন্ন উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সরকারি বাহিনী লড়াই চালিয়ে আসছে। আলেপ্পো শহরটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর পূর্ব অংশ সন্ত্রাসীরা চার বছর ধরে দখলে করে রেখেছে।
এদিকে, আলেপ্পোতে রাশিয়া যে মানবিক যুদ্ধ-বিরতি পালনের ঘোষণা দিয়েছে তা পরিপূর্ণভাবে মেনে চলার ঘোষণা দিয়েছে সিরিয়ার সেনাবাহিনীর জেনারেল কমান্ড।আগামী শুক্রবার ৪ নভেম্বর স্থানীয় সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলেপ্পোতে মানবিক যুদ্ধবিরতি পালন করা হবে বলে গতকাল (বুধবার) রাশিয়ার জেনারেল স্টাফের বরাত দিয়ে আরটি সংবাদ মাধ্যম জানিয়েছিল।#
পার্সটুডে/বাবুল আখতার/৩