মসুলে শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে দায়েশ: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i24832-মসুলে_শত_শত_নিরীহ_মানুষকে_হত্যা_করেছে_দায়েশ_জাতিসংঘ
ইরাকি সেনা অভিযানের মুখে দেশটির উত্তরাঞ্চলীয় মসুল শহরে শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। জাতিসংঘ এ খবর জানিয়ে বলেছে, শুধুমাত্র বুধবার ১৮০ জন সাবেক সরকারি চাকুরিজীবী দায়েশ জঙ্গিদের হাতে নিহত হন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৫, ২০১৬ ০৩:৩১ Asia/Dhaka
  • এভাবেই নিরীহ বন্দিদের ওপর গণহত্যা চালায় দায়েশ জঙ্গিরা (ফাইল ছবি)
    এভাবেই নিরীহ বন্দিদের ওপর গণহত্যা চালায় দায়েশ জঙ্গিরা (ফাইল ছবি)

ইরাকি সেনা অভিযানের মুখে দেশটির উত্তরাঞ্চলীয় মসুল শহরে শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। জাতিসংঘ এ খবর জানিয়ে বলেছে, শুধুমাত্র বুধবার ১৮০ জন সাবেক সরকারি চাকুরিজীবী দায়েশ জঙ্গিদের হাতে নিহত হন।

তাকফিরি জঙ্গিরা মসুলের গোগজালি এলাকা থেকে সরে যাওয়ার আগে এসব হতভাগ্য মানুষকে হত্যা করে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি জানিয়েছেন, সোমবারও ৫০ জন মরুবাসীকে নির্মমভাবে খুন করে আইএসআইএল জঙ্গিরা। এসব হতভাগ্য মানুষকে মসুলের গাজলানি সামরিক ঘাঁটির ভেতর হত্যা করা হয়।

সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার জাতিসংঘের এক প্রেস ব্রিফিংয়ে শামদাসানি আরো জানান, দায়েশ জঙ্গিরা মঙ্গলবার মসুলের নিকটবর্তী হাম্মাম আল-আলিল শহর থেকে প্রায় ১,৬০০ বেসামরিক নাগরিককে ধরে নিয়ে গেছে। জঙ্গিরা তাদেরকে সিরিয়ায় নিয়ে যাবে বলে ঘোষণা দিলেও বাস্তবে তাদেরকে সেনাবাহিনীর সঙ্গ যুদ্ধে মানবঢাল হিসেবে ব্যবহার করা হবে বলে জাতিসংঘ মনে করছে।

জাতিসংঘের এ মুখপাত্র সতর্ক করে দিয়ে বলেছেন, সরকারি বাহিনীর অগ্রাভিযানে নিজেদের বয়স্ক সদস্যদের হারানোর কারণে দায়েশ জঙ্গিরা ব্যাপক হারে শিশুদেরকে নিয়োগ দিচ্ছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে নয় বছর বয়সি শিশুও রয়েছে। শামদাসানি বলেন, “জঙ্গিরা ঘরে ঘরে হানা দিয়ে নয় বছরের বেশি বয়সের ছেলে শিশুদের ধরে নিয়ে জোর করে জঙ্গি বানাচ্ছে।” যারা তাদের শিশুদের দিতে অস্বীকার করছে তাদেরকে কঠোর শাস্তি দেয়া হুমকি দেয়া হচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫