সিরিয়ায় পশ্চিমা অবস্থান দুর্বল হচ্ছে, রাশিয়া কিছুই চায় নি: প্রেসিডেন্ট আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i24997-সিরিয়ায়_পশ্চিমা_অবস্থান_দুর্বল_হচ্ছে_রাশিয়া_কিছুই_চায়_নি_প্রেসিডেন্ট_আসাদ
সিরিয়ার সেনাবাহিনী ও জনপ্রিয় স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন শহর ও গ্রাম মুক্ত করায় দেশের ভেতরে অবস্থানরত পশ্চিমা সমর্থিত শক্তি দিন দিন দুর্বল হয়ে আসছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৬, ২০১৬ ২১:২৫ Asia/Dhaka
  • সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

সিরিয়ার সেনাবাহিনী ও জনপ্রিয় স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন শহর ও গ্রাম মুক্ত করায় দেশের ভেতরে অবস্থানরত পশ্চিমা সমর্থিত শক্তি দিন দিন দুর্বল হয়ে আসছে।

ব্রিটিশ সাপ্তাহিক ‘সানডে টাইমস’কে দেয়া সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ কথা বলেন। তিনি বলেন, “আগে লোকজন বলত সিরিয়ার প্রেসিডেন্ট বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। এখন পরিস্থিতি ভিন্ন। পশ্চিমারা এখন অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে।” প্রেসিডেন্ট বাশার আসাদের এ সাক্ষাৎকার আজ (রোববার) প্রকাশ করা হয়েছে।

৫১ বছর বয়সী আসাদ সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কথিত মার্কিন জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “সিরিয়ায় কী হচ্ছে তা তারা জনগণের কাছে ব্যাখ্যা করতে পারবে না। দায়েশ তেল চোরাচালান করেছে এবং অর্থ বানানোর জন্য মার্কিন উপগ্রহ ও ড্রোনের নিচেই ইরাকি তেলক্ষত্র ব্যবহার করেছে; পশ্চিমারা তাদেরকে কিছুই বলে নি।”

সাক্ষাৎকারের এ পর্যায়ে প্রেসিডেন্ট আসাদ সিরিয়ায় রুশ বিমান হামলার প্রশংসা করেন। তিনি বলেন, এখানে যে বিষয়টিতে পার্থক্য ছিল তা হচ্ছে সামরিক শক্তি। তাদের অনেক বেশি অস্ত্র ও সামরিক শক্তি আছে; আমাদের তা নেই। এ অবস্থায় রিজার্ভ দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের বেগ পেতে হচ্ছিল। কিন্তু রাশিয়ার বিমান হামলা ও ইরানের সমর্থন আমাদেরকে সে জায়গা থেকে উদ্ধার করেছে।”

প্রেসিডেন্ট আসাদ জোর দিয়ে বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া কখনই হস্তক্ষেপ করে না এবং সিরিয়া সরকারের কাছ থেকে মস্কো কোনো রাজনৈতিক সুবিধা নিতে চাইছে না। তিনি বলেন, “তারা আমাদের কাছে কিছুই চায় নি এবং সিরিয়ায় তারা কোনো পুতুল সরকার প্রতিষ্ঠা করতে চায় না।”

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম আলেপ্পো শহর পুনরুদ্ধারের বিষয়েও প্রেসিডেন্ট বাশার আসাদ তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬